অক্টোবর ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ দুই দশক আলাদা থাকার পর আবার এক ছাদের নিচে আসছেন রাজকাপুর তনয় রনধীর কাপুর ও তার স্ত্রী ববিতা। খুব শিঘ্রই তারা আবার একত্রে বসবাস শুরু করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
১৯৭১ সালে 'কাল আজ আউর কাল ' ছবিতে রনধীর কাপুর স্ত্রী ও নায়িকা ববিতার সঙ্গে গেয়েছিলেন 'হাম যব হোঙ্গে ষাট সাল কে আউর তুম হোগি পাচপান কি, বোলো প্রীত নিভায়োগি না তুম বাচপান কি' (অর্থাৎ যখন আমি ৬০ আর তুমি ৫৫, আশা করি তখনও আমাকে ভালোবাসবে আগের মতোই) তখন কী তারা নিশ্চিত ছিলেন তাদের বিচ্ছেদ আর মিলনে এই গানের সুরই বেজে উঠবে একদিন।
আশির দশকের মাঝামাঝি সময়ে আলাদা হয়েছিলেন বলিউডের এই আলোচিত দম্পতি।
তখন রনধীর থাকতেন বাবা - মা রাজ কাপুর এবং কৃষ্ণা কাপুরের সঙ্গে। রনধীর চেয়েছিলেন কন্যা কারিশমা এবং কারিনা অভিনয় থেকে দূরে থাকুক। এটাই ছিল রনধীর ও ববিতার মত পার্থক্যের প্রধানতম কারন। এরই জের ধরে ববিতা মেয়েদের নিয়ে ছেড়ে গিয়েছিলেন
রনধীর কাপুরের বাংলো। দুই মেয়েকে নিয়ে উঠেছিলেন লোখান্ডাওয়ালার একটি এপার্টমেন্টে।
এই দম্পতির ঘনিষ্ট একজন জানান,' রনধীর ও ববিতা কখনো বাজে ধরনের ঝগড়াঝাটি করেননি। সভ্য আচরণই করেছেন সবসময়। তাই আলাদা হয়ে যাবার পরও একে অপরকে একেবারে ছেড়ে যাননি। '
রনধীর কাপুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি এবং ববিতা সবসময় বন্ধুভাবাপন্ন ছিলাম। আমরা কখনো ঝগড়া করিনি।" ববিতার ফিরে আসা সম্পর্কে রনধীর জানান, "এখনো সেরকম কিছু ঘটেনি, তবে এর সম্ভাবনা আছে।"
১৯৬৬ - ১৯৭৪ এই ৮ বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে ববিতা ১৯ টি হিট ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু এতো সফলতা সত্ত্বেও রনধীরকে বিয়ের পর তার ক্যারিয়ারের যবনিকাপাত ঘটে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৬৫৯ ঘ
bdnews24