অক্টোম্বর ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অক্ষয় কুমারের দিন এখন ভালোই কাটছে, যেখানেই হাত দিচ্ছেন সেখানেই সোনা ফলছে। বলিউডে জোর গুজব, শাহরুখ খানের চেয়ে অক্ষয়ের সম্মানীও এখন বেশী। ইদানিং তিনি প্রতিটি ছবির জন্য ১৫ কোটি ভারতীয় রূপী পারিশ্রমিক দাবি করছেন। এটাই বলিউডের কোন অভিনেতার দাব্ িকরা সবচেয়ে বেশি পারিশ্রমিক। খবর ভারতীয় ওয়েবসাইট।
'হেই বেবি'র সাফল্যের মৌতাত থাকতে থাকতেই নতুন আরেকটি ছবির কাজে মনোযোগ দিয়েছেন অক্ষয়। 'ভুল ভুলাইয়া' নামের এই ছবিটিকে বলা হচ্ছে, বলিউডের প্রথম সাইকোলজিক্যাল থ্রিলার ছবি।
অক্ষয় কুমার অবশ্য বিনয়ের সুরে বলেছেন, "যখন কারো ছবি ভালো চলে তখন সবকিছুই সুন্দর মনে হয়। কারো ছবি যদি ফ্লপ করে, তাহলে মেধা থাকা সত্ত্বেও তাকে অবমুল্যায়ন করা হয়।"
তিনি বলেন, তার কোন লক্ষ্য স্থির করা নেই। তবে তিনি মহৎ কোন চরিত্রে অভিনয়ে জন্য বুভুক্ষের মতো অপেক্ষা করছেন। তিনি আরো জানান, "আমি এর জন্য এখনো আশা করে আছি। আমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমার আরো অনেক কিছু আবিস্কার করার আছে।"
সবচেয়ে উঁচুতে যে থাকে বা সবচেয়ে সেরা যে হয় সে সবসময়ই একা। আর একাকীত্বটা অক্ষয় কুমার ভয় পান কিনা জিজ্ঞেস করা হয়েছিলো।জবাবে তিনি বললেন, "আমি সেখানে পৌাছালে ব্যাপারটা বুঝতে পারবো। অবশ্য আমি একাকীত্বকে ভয় পাই। কিন্তু যতক্ষন পর্যন্ত আমার বন্ধুবান্ধব ও আমার পরিবার আমার পাশে আছে ততদিন আমার ভয়ের কোন কারণ নেই।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৪৮ ঘ
bdnews24