লন্ডন, ০১ অক্টোবর (বিডিনিউজটুয়েন্টিফোডটকম/রয়টার্স) -- জেমস বন্ড সিরিজের মানিপেনি চরিত্রের প্রথম অভিনেত্রী মারা গেছেন। কানাডিয়ান এ অভিনেত্রীর আসল নাম ছিল লয়েস ম্যাক্সওয়েল। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাস করেছেন।
১৯৬২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত জেমস বন্ডের মানিপেনি চরিত্রে ১৪ টি ছবিতে অভিনয় করেছেন ম্যাক্সওয়েল। ১৯৬২ সালে বন্ড সিরিজের 'ড.নো' ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৮৫ সালে এই সিরিজের 'এ ভিউ টু এ কিল' ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি।
ছবিতে তার নাম জেন মানিপেনি। তবে মানিপেনি হিসেবেই চরিত্রটি অধিক পরিচিত। সংক্ষেপে তাকে পেনি বলেও ডাকা হয়।
বন্ড সিরিজে মানিপেনি সবসময় বন্ডের বস 'এম' এর একান্ত সচিবের ভূমিকায় অভিনয় করেন। ছবিতে বন্ডের সঙ্গে তার প্রণয়জড়ানো সখ্য ছিল। বন্ডের প্রতি তিনি আকৃষ্ট হতেন কিন্তু কখনো সে সম্পর্ক চুড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাননি।
চলচ্চিত্রে বন্ডের সঙ্গে তার অন্তরঙ্গতা যে স্তরে গেছে ইয়ান ফ্লেমিংয়ের মূল উপন্যাসে সম্পর্কটা তার চেয়েও লঘু ছিল।
বন্ড সিরিজ ছাড়াও অন্য অনেক ছবিতে, টিভি সিরিজে অভিনয় করেছেন এবং পত্রিকাতে কলাম লিখেছেন। 'দ্যাট হাগেন গার্ল' ছবিতে অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোব জেতেন। কিন্তু বন্ড ছবির অভিনেত্রী হিসেবেই তিনি বেশী জনপ্রিয় হয়েছিলেন।
ম্যাক্সওয়েল বন্ড অভিনেতা রজার মূরের বান্ধবী ছিলেন। ১৯৭৩ পর্যন্ত শন কনারির সঙ্গে তিনি সাতটি ছবিতে অভিনয় করেছেন।
বিবিসি টেলিভিশনকে রজার মূর বলেন, "মনিপেনি ছিলেন একজন অসাধারণ অভিনেত্রী । তার রসবোধও ছিল প্রবল। এটা অবশ্যই হতাশার বিষয় যে তাকে কখনোই 'এম' চরিত্রে অভিনয়ের সুযোগ দেয়া হয়নি। ওই চরিত্রেও তিনি অসাধারন অভিনয় করতেন বলে আমার ধারণা।"
ম্যাক্সওয়েল ১৯২৭ সালে কানাডার অন্টারিওতে জন্ম গ্রহন করেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৮৩১ ঘ
bdnews24