জনপ্রিয় লেখক সিডনি শেলডন আর নেই
বিশ্বের বিভিন্ন ভাষায় যার বই সবচেয়ে বেশি অনুদিত হয়েছে সেই জনপ্রিয় লেখক সিডনি শেলডন গতকাল মঙ্গলবার ৮৯ বছর বয়সে নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগে ক্যালিফোর্নিয়ার আইজেনহাওয়ার মেডিক্যাল সেন্টারে মারা গেলেন। নানা গুনে গুনান্বিত এই ঔপনাস্যিক সেরা চিত্রনাট্যকার হিসেবেও অস্কার জিতেছিলেন। ওয়ারেন কাওয়ান এন্ড এসোসিয়েটস এর প্রচারক শন রোসাল জানিয়েছেন এ খবর।
মৃত্যুকালে তিনি স্ত্রী (আলেকজান্দ্রা), ১ কন্যা (মেরি ) ও এক ভাই ( রিচার্ড ) রেখে গেছেন। তার অন্তেষ্টিক্রিয়ার ব্যপারে পরিবার থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৯৭০ এর দশকে ‘দি আদার সাইড অফ মিডনাইট’ এবং ‘ব্লাডলাইন’ উপন্যাস দুটি দিয়ে মার্কিন পাঠকমহলে তুমুল সাড়া জাগান শেলডন। বেস্ট সেলার বই দুটি আন্তর্জাতিকভাবেও আলোড়ন তোলে। সমালোচকদের কাছে তিনি বিশেষ সমাদর না পেলেও সাধারন পাঠকদের কাছে তিনি বিপুলভাবে নন্দিত হয়ে ওঠেন।
তার লেখালেখির জীবনে মোট ১৮টি উপন্যাস রচনা করেছেন শেলডন যা ৩০০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এর সুবাদে পেপারব্যাক বইয়ের জগতে তিনি হয়ে ওঠেন অপ্রতিদন্ধী। ১৮০টি দেশে ৭১টিরও বেশি ভাষায় তার বই অনুদিত হয়ে ছড়িয়ে পরে। এই সুবাদে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও ওঠে তার নাম।
উপন্যাস হিসেবে খ্যাতিমান হওয়ার আগে তিনি ব্রডওয়ে থিয়েটারে কাজ করেছেন এবং জড়িয়েছিলেন টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের সঙ্গেও। দুটো মাধ্যমেই পেয়েছেন উল্লেখযোগ্য সফলতা। ১৯৪৮ সালে ‘দি ব্যাচেলর অ্যান্ড দি ববি সক্সার’ ছবির চিত্রনাট্যের জন্য তিনি অস্কার পুরষ্কার পান। ছবিতে অভিনয় করেছিলেন ক্যারি গ্রান্ট ও মিরনা লয়।
এমজিএম ও প্যারামাউন্ট পিকচার্সের সাথে দীর্ঘদিন কাজ করেছেন শেলডন। তার উল্লেখযোগ্য চিত্রনাট্যগুলির মধ্যে রয়েছে ‘ইস্টার প্যারেড,’ ‘আন্নি গেট ইওর গান, জাম্বো’, ‘অ্যানিথিং গোস’ ইত্যাদি।
১৯৬৩ সালে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। ১৯৬৩ সালে তিনি ‘দি প্যাটি ডিউক শো’ এর চিত্রনাট্যকার হিসেবে কাজ করেন। ১৯৬৪ সালের বিখ্যাত ‘আই ড্রিম অফ জেনি’ পুরোটাই তার হাতে তৈরি হয়েছে।
২০০৫ সালে তার স্মৃতিকথা ‘দি আদার সাইড অফ মি’ প্রকাশিত হয়।
শৈশবে নানা বঞ্চনার মধ্যে বেড়ে ওঠা শেলডন বই পড়ার সুযোগও পেয়েছেন কম। ফলে লেখক হিসেবে তার যে খ্যাতি সেটাকে একটা ‘বিস্ময়কর বা যাদুকরী ব্যপার’ বলে বিবেচনা করেছেন সবসময়।
