২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন শো ইন্টারনেটে নিয়ে এলেন আরমানি

পত্রিকার পাতায় আর এফটিভিতে দেখেছেন কেবল কিন্তু কোন ফ্যাশন শোতে হাজির হওয়ার সুযোগ পাননি যারা তারা আরমানির প্রতি কৃতজ্ঞ হবেন নিশ্চয়ই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

গত বুধবার তার সামার কালেকশনের ফ্যাশন প্রদর্শনী দেখার টিকেট পাননি যারা ইন্টারনেটে তাদের জন্য লাইভ শো এর আয়োজন করেছিলেন এই ইতালিয়ান ডিজাইনার। আশা করা হচ্ছে তার দেখাদেখি এখন অনেকেই এরকম আয়োজন করবেন।

হলিউডের বিখ্যাত অভিনেত্রী কেট ব্লাংশেট ও কেটি হোমস প্যারিস আর্ট মিউজিয়ামে একেবারে সামনের সারিতে বসে উপভোগ করেছেন এই প্রদর্শনী। আর বিশ্ব জুড়ে আরমানি ভক্তরা ৭২ বছর বয়স্ক এই ডিজাইনারের নতুন নতুন ডিজাইনের চমৎকার সব পোশাকের নমুনা দেখেছেন নেটের মাধ্যমে।

এক বিবৃতিতে আরমানি বলেছেন, “সৃজনীশলতা আর কারিগরি দক্ষতার অন্যতম এই পোশাক তৈরির শিল্প অল্প কিছু মানুষের সামনেই উপস্থাপিত হয়ে এসেছে। অথচ ইন্টারনেটের গনতন্ত্রের সুযোগ নিয়ে আমরা সবাইকেই সামনের সারিতে বসে এই প্রদর্শনী দেখার সুযোগ করে দিতে পারি।”

িি.িসংহ.পড়স ওয়েব ঠিকানায় আরমানির ফ্যাশন শোটি দেখানো হয়েছে।

উল্লেখ্য কেটি হোমস গত বছর আরমানির পোশাক পরেই টম ক্রুজকে বিয়ে করতে গিয়েছিলেন। হোমস বলেছেন, বুধবারের প্রদর্শনী তার ভাল লেগেছে। প্রদর্শিত মেঝে পর্যন্ত ঝুলঅলা পোশাকগুলি সম্পর্কে উচ্ছসিত মন্তব্য করেন তিনি।

বিভিন্ন পত্রিকার ফ্যাশন বিষয়ক সম্পাদকরা ইন্টারনেটে  প্রদর্শনীটি দেখানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

মার্কিন ভোগ পত্রিকার প্রধান সম্পাদক আনা উইনটুর বলেছেন, “যত বেশি লোক ফ্যাশন শো দেখবে তত বেশি এটা আরো মজার হয়ে উঠবে। এটা ব্যবসার জন্যও ভাল, গ্লামারের জন্যও। আমি মনে করে এটা একটা অসাধারণ আইডিয়া.....ফ্যাশন সবার জন্যই উন্মুক্ত হওয়া উচিত।”

তার বক্তব্যের সাথে সহমত পোষন করে হার্পার’স বাজার এর প্রধান সম্পাদক গ্লেন্ডা বেইলি বলেন, “ফ্যাশন মানে তো নতুন কিছু নিয়েই। ফলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে এই নতুনের সাথে পরিচিত হতে পারাটা খুবই আনন্দের ব্যাপার। যেসব মহিলারা সবসময়ই জানতে উদগ্রীব যে এই মুহুর্তে আরমানি কি করছেন তারা সে সম্পর্কে এখন সহজেই জানতে পারবেন। সুতরাং এই নেটে প্রদর্শনীর ব্যাপারাটা আসলেই দারুন।”

লে ফিগারো দৈনিকের সাথে এক সাক্ষাৎকারে আরমানি জানান, এখনই এই পেশা থেকে অবসর নেয়ার ইচ্ছে তার নেই। আরো কিছুদিন তিনি দায়িত্ব নিয়ে কাজ করতে চান। ইতিমধ্যে তার ভাতিজা-ভাতিজিরা তার কাজ অবশ্য অনেকখানি বুঝে নিয়েছে।