'শামসুর রাহমান ছাড়া ছবিগুলো মূল্যহীন'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজীব বলছিলেন, “ভাল, খুবই ভাল, তবে ফটোগ্রাফারের কাজ খুবই সাধারণ। শামসুর রাহমান ছাড়া ছবিগুলো মূল্যহীন।”
ইডেন কলেজের ছাত্রী ইয়াসমিন আক্তার জানান, প্রদর্শনীটি তার অনেক ভাল লেগেছে, শামসুর রাহমানের স্মৃতি ধরে রাখার জন্য ছবিগুলো মূল্যবান। দুবাই প্রবাসী আরিফের ভাষায়, “অদ্ভুত, সুন্দর, জীবন্ত।”
আলোকচিত্রী এম এ তাহেরের তোলা প্রয়াত কবি শামসুর রাহমানের আলোকচিত্র নিয়ে ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীতে আসা দর্শকরা এভাবেই তাদের অনুভূতির কথা জানালেন। প্রদর্শনীটির আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস।
গ্রাফিক আর্ট ইনস্টিটিউটের ছাত্র মো. আলমগীর হোসেন বলেন, “কবি শামসুর রাহমানের ছবিগুলো দেখে খুবই আনন্দিত হয়েছি। ছবিগুলো সংগ্রহের জন্য আমি আলোকচিত্রীকে ধন্যবাদ জানাই।” অপর ছাত্র মো. মোশারফ হোসেন জানান, “বিভিন্ন সময়ে তোলা কবির ছবিগুলো দেখে আমি মুগ্ধ হলাম। ছবিগুলো থেকে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। অনেক স্মৃতি ধরে রাখার জন্য এমএ তাহেরকে ধন্যবাদ।”
ধানমন্ডির ২৭ নং (পুরোনো) রোডে অবস্থিত বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি। প্রদর্শনীর উদ্বোধন করেন শামসুর রাহমানের স্ত্রী জহুরা রাহমান এবং জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
উদ্বোধনী দিনে ‘আলেখ্য’ নামে এম এ তাহের সম্পাদিত একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
প্রদর্শনীতে আলোকচিত্রগুলো বিক্রির ব্যবস্থাও রয়েছে। বড় মাপের একেকটি আলোকচিত্রের দাম দশ হাজার টাকা এবং ছোট মাপের আলোকচিত্র তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ‘আলেখ্য’র মূল্য পাঁচশ’ টাকা এবং দশ টাকায় প্রদর্শনীর ফোল্ডার পাওয়া যাচ্ছে।
শামসুর রাহমানের সঙ্গে দীর্ঘদিনের সখ্যের সূত্রে আলোকচিত্রী এম এ তাহের কবির কিছু বিরল মুহূর্ত ধরে রেখেছিলেন। এই আলোকচিত্রগুচ্ছে ধরা আছে তাঁর সঙ্গে বিভিন্ন বন্ধুজনের চিত্র, পরিবার, নানা অনুষ্ঠানে কবির উপস্থিতি ও কবির ব্যক্তিত্বের বিচ্ছুরণ।
আলোকচিত্রী তাহের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে øাতক সম্পন্ন করে ১৯৯৭ সালে বেগ আর্ট ফটোগ্রাফি ইনস্টিটিউট থেকে আলোকচিত্রের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। তিনি আমেরিকার ন্যাশনাল মিউজিয়াম নিকন স্কুল অব ফটোগ্রফি থেকে একটি স্বল্পমেয়াদী কোর্স করেছেন।
এ পর্যন্ত তাহেরের ছয়টি একক, তিনটি দলীয় ও দুটি আর্ন্তজাতিক প্রদর্শনী হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে তিনি পুরষ্কার পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির এফআইএএফ লিয়াঁজো অফিসার এবং আন্তর্জাতিক সম্পাদক।
