গোল্ডেন গ্লোবের ফ্যাশনে ছিল আভিজাত্য
বেভারলি হিলস এ এখন বেজায় ঠান্ডা। কিন্তু তাই বলে গোল্ডেন গ্লোবের মতো জমকালো অনুষ্ঠানে তো আর শীতনিবারণী ওভারকোটের মতো ভারী পোশাক পরে যাওয়া যায় না। সারা দুনিয়ার চোখ থাকবে এই অনুষ্ঠানে। সুতরাং কষ্ট হলেও যার যার সেরা পোশাকটা দেখানোর বাসনা নিয়েও হাজির হয়েছেন সবাই। তারকাদের সোনালী, রুপালী, নীল আর সাদা হরেক রঙের নজরকাড়া স্লিভলেস হালকা গাউন আর অলংকারের আলোয় আরো রংদার হয়েছে অনুষ্ঠান। তবে শালীনতা বজায় ছিল পোশাকে আর তারকাদের পোশাক নির্বাচনে প্রাধান্য পেয়েছে আভিজাত্য।
গায়িকা এবং ‘ড্রিমগার্লস’ এর নায়িকা বেয়ন্স বেছে নিয়েছিলেন সোনালী রংয়ের এলি সাব যা দেখে উৎফুল্ল দর্শক আনন্দে চীৎকারও করেছেন। বেয়ন্স অবশ্য পোশাকের কথা একদমই ভাবছিলেন না। বলছিলেন পুরষ্কার প্রসঙ্গে তার উদ্বেগের কথা, ‘আমি খুবই উৎকণ্ঠিত ও উত্তেজিত।’
ওয়ারেন বেটির হাত ধরে ঘুরছিলেন অ্যানেট বেনিং। পরণে ছিল সাদা ও রুপালী কলামের পোশাক।
শুধ অনুষ্ঠান প্রাঙ্গনে নয়, এ বছর পর্দায়ও ছিল ফ্যাশনের উপস্থিতি। ‘ দি ডেভিলস ওয়্যার প্রাদা’র কথা বলছিলেন অনেকেই। “এ ছবিটি আমাদের কেমন লেগেছে?” যেন নিজেদেরই প্রশ্ন করলেন জেনিফার লোপেজ, স্বামী মার্ক এন্থনির সঙ্গে ছিলেন তিনি, পরণে ছিল কালো রঙের এক কাঁধওয়ালা মার্চেসা গাউন। ওই ছবিতে অভিনয়ের জন্য পুর®কৃত হয়েছেন মেরিল স্ট্রিপ। তার পরণে ছিল হালকা সোনালী রঙের গার্সিয়ান ড্রেস। কানে ছিল গোলাপী রঙের দুল। জেমস উডের সঙ্গে আলাপ করতে দেখা গেল তাকে। স্ট্রিপের গাউনটি কিন্তু প্রাদার ছিল না। সেটা ছিল ক্যারোলিনা হেরেরা।
এবারের গোল্ডেন গ্লোবে তারকাদের পোশাক নির্বাচনে প্রাধান্য পেয়েছে আভিজাত্য -- এরকম মন্তব্য করেছেন স্টাইল ম্যাগাজিনের সম্পাদক হল রুবেনস্টেইন। উত্তেজক বা আপত্তিকর পোশাকের উপস্থিতি চোখে পরেনি।
এমনকি সাদা পোশাক বেছে নিয়েছেন সালমা হায়েক, মডেল হেইডি ক্লাম, জেনিফার গার্নার ও কায়রা সেজউইক এর মতো তারকারা।
তবে অধিকাংশ তারকার পছন্দের রং ছিল নীল। যেমন টনি কলেটি, এডি ফালকো। গ্লোব বিজয়ী মিরেন পরেছিলেন ডোনা কারানের ড্রেস। কথা বলছিলেন জেরেমি আয়রনের সঙ্গে।
ব্রাড পিটের বাহলগ্না হয়ে এসেছিলেন এঞ্জেলিনা জোলি, তার পরণে ছিল খুব দামী স্লেট রঙের গাউন। শ্যারন স্টোন পরেছিলেন কালো রঙের ক্রিস্টিয়ানা ডিওর গাউন আর পেনেলোপি ক্রুজ পরেছেন শ্যানেলের পোশাক।
একেবারে সংক্ষিপ্ত না হলেও এই চরম ঠান্ডায় যে পোশাক তারা পরে এসেছেন তাতে সবারই হি হি করে কাঁপার কথা। একদম যে কাঁপেননি কেউ তা বলা মুশকিল। তবে সেরা অভিনেত্রীর পুরষ্কার পাওয়া জেনিফার হাডসন যেমনটা বলেছেন, ‘ বাইরে বরফও পরতে পারে। তাতে কিছু যায় আসে না। আপনি ধারণা করতে পারবেন না আমরা কতটা উত্তেজনায় আছি।”
