২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলহীন শীতের শহরে

ফুল শুধু বসন্তেই ফোটে না। শীতেও তার নিজস্ব রং রুপ নিয়ে হাজির হয় ফুলদল। কয়েক দশক আগেও এই শহরের বিভিন্ন এলাকায় এমন শীতের ফুলের দেখা মিললেও এখন তার নাম নিশানা খুঁজে পেতে কষ্ট হয়। এ নগরের শীতের ফুল নিয়ে লিখছেন শরিফুল বারী টুটুল ও সিমু নাসের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শীতের শিশিরভেজা সকালে অনুসূয়া বইয়ে পড়ছে রবি ঠাকুরের কবিতা- বাগানের নিমন্ত্রণে এসেছে ডালিয়া, এসেছে ফুলিয়া; এসেছে ম্যারিগোল্ড।  এ লাইন তিনটি পড়তেই ওর ছোট্ট মনে প্রশ্ন, ম্যারিগোল্ড (গাঁদা) কি না? স্কয়ারফিটের শহুরে এ বদ্ধ জীবনে অনুসূয়াদের কাছে সত্যিই এটা একটা বিরাট প্রশ্ন!  ঢাকা শহরের যান্ত্রিকতার চলমান এ জীবনে এ প্রজন্ম জানে না শীতের ফুলের নাম। পায় না এদের মধুগন্ধ। এই পুষ্পবিহীন ভবিষ্যতের আশংকাই ফুটে উঠেছিল শহীদ কাদরীর ভাষায় -

“আমি করাত কলের শব্দ শুনে মানুষ আমি জুতোর ভিতর মুজোর ভিতর সেঁধিয়ে যাওয়া মানুষ এবার আমি গ্রামে গিয়ে, যদি ট্রাক ভর্তি গাঁদা নিয়ে ফিরি হে শহরের মানুষ, তোমরা আমায় চিনতে পারবে তো?”

আসলে শীতের ডালিয়া, জিনিয়া, গাঁদা, কসমস, চন্দ্রমল্লিকা, পপি, ডায়ন্থাস, ফ্লক্স, ক্যালেন্ডুলা প্রভৃতি ফুল এখন আর এ শহরে  তেমনভাবে দেখা যায় না। আমাদের রুচি ও মনন থেকেও আজ এ ফুলগুলো অপসৃয়মাণ। যান্ত্রিক জীবন স্বাভাবিকের চেয়ে কৃত্রিমের প্রতিই আমাদের আকর্ষণকে ক্রমাগত বাড়িয়ে তুলছে।

 শীতকালের সবচেয়ে আকর্ষণীয় ও সহজলভ্য ফুল গাঁদা। ফুলটি শহর-গ্রাম নির্বিশেষে সর্বত্রই আদরণীয়। সাধারণত এ ফুলের রং উজ্জ্বল হলুদ ও কমলা। হালকা গন্ধ রয়েছে এ ফুলে। বিয়ের এ মওসুমে গায়ে হলুদের অনুষ্ঠানে এখন ফুলটির চাহিদা খুব বেশি। ডালিয়া বেশ বড় আকৃতির হয়। বিভিন্ন রং-এর মনমাতানো ফুল এটি। ডালিয়া হলুদ, লাল ও বেগুনী ধরনের রং ধারণ করে। গন্ধহীন ফুল এটি। গাছটির উচ্চতা ১৫-২৩ সেমি।

শীতকালীন মৌসুমী ফুল হলেও সারাবছরই চাষ করা যায় জিনিয়া। ফুলের রং লাল, গোলাপি, বেগুনি ও হলুদ। এর বীজ সরাসরি টবে বোনা যায়। গাছটি ৬০-৭৫ সেমি বড় হয়। লাল রং এর বাহারি রূপ ও সুন্দর গঠনের জন্য একে শীতরাণী বলা হয়। এর কদর যথেষ্ট। এর চাষ টবেই ভাল হয়।  কসমস পরিচিত ও জনপ্রিয় ফুল। ফুল গোলাপি, সাদা ও লাল রং -এর হয়। কেয়ারি সাজাতে এর জুড়ি নেই। তবে টবে চাষ করা যায়। গাছের উচ্চতা প্রায় ৬০ সেমি থেকে ২ মিটার। 

গাঢ় লাল রঙের পপি ফুল বেশি সুন্দর, তবে সাদা ও গোলাপী জাতেরও পপি ফুল দেখা যায়। গাছ ৬০-৯০ সেমি বড় হয়। শীতের জনপ্রিয় ফুল। ফুলে হালকা মিষ্টি গন্ধ আছে।

ফ্লক্সের সাদা ফিকে হলদে, গোলাপি ও ভায়োলেট রঙের থোকা থোকা ফুল সারা গাছকে আবৃত করে বৈচিত্র্যের সৃষ্টি করে। ফ্লক্স ফুলের গাছ উচ্চতায় ২০-৩০ সেমি হয়। তবে লতিয়ে চলে।

হলদে ও কমলা রঙের সুদৃশ্য শীতকালীন ফুল ক্যালেন্ডুলার গাছের উচ্চতা প্রায় ৩০-৪৫ সেমি।

এসব ফুল দেখার জন্য সর্ব্বোত্তম জায়গা হলো বোটানিক্যাল গার্ডেন। গার্ডেন ছাড়াও এসব ফুলের ফুলের বীজ বা চারা বিভিন্ন এলাকার নার্সারিগুলোতেই পাওয়া যাবে।

শীতের এ সুন্দর ফুলগুলো প্রসঙ্গে বিশিষ্ট নিসর্গপ্রেমী ও লেখক দ্বিজেন শর্মা বললেন, প্রকৃতির এ সময়ের অনুষঙ্গ শীতের ফুলগুলো ইট-পাথরের এ শহরে তেমনভাবে দেখা যায় না। শীতকালে এ গাছগুলো দেখা ও তার সুন্দর ফুলের ঘ্রাণ নেবার উপযোগী পরিবেশ হয়তো আমাদের এ শহুরে জীবনে আর অবশিষ্ট নেই। কিন্তু আমাদের সীমিত অঙ্গনে এবং নাগরিক উদ্যানে এর আংশিক চর্চা করাটা এখনও সম্ভব। পাশাপাশি প্রয়োজনে কাব্য, সাহিত্যে, গল্পে, ছবিতে প্রাকৃতিক সৌন্দর্যের পুনঃপ্রতিষ্ঠা ও গাছ সম্পর্কিত অধুনা বিস্মৃত প্রতীকসমূহের পুনঃস্মরণ।

এ কথার সূত্র ধরে প্রখ্যাত আলোকচিত্রী ও নিসর্গ বিশেষজ্ঞ ডঃ নওয়াজেশ আহমেদ জানালেন, শীতের ফুলগাছগুলো তেমনভাবে দেখা না যাওয়ার প্রধান কারণ নগরায়ণ। এর সমাধানকল্পে প্রয়োজন দেশজ ফুলের গাছকে অগ্রাধিকার দিয়ে বসতবাড়ি ও খালি জায়গায় এর চাষ করা। সেইসাথে সিটি করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের উচিত দেশি-ফুল গাছ লাগাতে উৎসাহিত করার পাশাপাশি উদ্যোগী হওয়া। ফুল ও ফলদ বৃক্ষের ছবিসহ পরিচিতি ছাপানোর ব্যবস্থা করে মিডিয়া এক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

একটা সময় ছিল যখন ওয়ারি, পল্টন আর পুরান ঢাকায় ব্যাপক ফুলের গাছ ছিল। সেটা এখন বিলীন হয়ে গিয়েছে। হাইরাইজ বিল্ডিংসহ অন্যান্য বাণিজ্যিক অবকাঠামো গড়ে ওঠার সাথে এগুলোও হারিয়ে গেছে ক্রমবর্ধমান এ শহর থেকে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বললেন, গত ২০/২৫ বছরে এ শহর থেকে নিঃশেষ হয়েছে সৌন্দর্যমন্ডিত বাগানগুলো। শীতের ফুলগুলো সে কারণেই বিরল এখন এ শহরে। তবে এখনও গ্রামে গেলে এ সময় দেখা যায় বাড়ীর উঠান ভর্তি থোকা থোকা গাঁদা ফুল ফুটে রয়েছে।

তবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রুহল আমিন বললেন, “এ একটা পূর্ব ধারণা। আমার অভিজ্ঞতা বলে ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ে এ শহরে ফুলের ব্যবহার আগের চেয়ে বেড়েছে। আগে অপরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় ফুলের সমাবেশ দেখা যেতো। এখন পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানের সৌন্দর্যবর্ধনের জন্য ফুলের চাষ হচ্ছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা ছাড়াও রাজপথের সড়কদ্বীপগুলিতেও ফুলের সমাবেশ দেখা যায়। ফুল নিয়ে লেখাপড়া করা লোকজনই এসব বাগানের তদারকি করছেন।”