বাজে পোশাকের তালিকায় ব্রিটনি ও প্যারিস হিলটন যুগ্মভাবে শীর্ষে
ফ্যাশন ডিজাইনাররা মাথা খাটিয়ে উদ্ভাবন করেন নানান ডিজাইনের পোশাক। সেসব পোশাক মডেল এবং তারকাদের গায়ে চড়ে উঠে আসে ক্যাটওয়াক মঞ্চে। তার ভেতর কিছু কিছু প্রচন্ড জনপ্রিয় হয়ে ছড়িয়ে পড়ে তারকা নন অথচ ফ্যাশন সচেতন এমন মানুষের মধ্যে। মূলত এখনো পর্যন্ত ফ্যাশন আইকন হিসাবে বিভিন্ন ক্ষেত্রের তারকাদেরই প্রাধান্য দেয়া হয় এবং তাদের ফ্যাশনটাকেই লুফে নেয় আমজনতা। কাজেই তারকারা কে কী পোশাক পড়লেন সেটা বেশ গুরুত্বপূর্ণ। তারকাদের পরিধেয় এসব পোশাক নিয়ে বছর শেষে হয় চুলচেড়া বিশ্লেষন।
মঙ্গলবার তেমনি এক বিশ্লেষনাত্বক প্রতিবেদন প্রকাশ করেছেন প্রাক্তন ডিজাইনার মি. ব্লাকওয়েল। সেই প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে খারাপ পোশাক পরিধানকারী মহিলা তারকাদের তালিকার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স এবং অভিনেত্রী প্যারিস হিলটন। এই দু’জনকে তিনি অভিহিত করেছেন ‘স্ক্রিমগার্ল’ হিসাবে।
২০০৬ সাল জুড়ে হলিউড ও লাস ভেগাসের নাইটক্লাবে তাদের কান্ডকীর্তির জন্য ব্লাকওয়েল এদের ‘স্টাইলবিহীন ও ফ্যাশনবোধহীন’ হিসাবে আখ্যায়িত করেছেন। ব্লাকওয়েল এর সমালোচনার তীর থেকে বাঁচতে পারেননি ব্রিটেনের প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কার, টিনএজ তারকা লিন্ডসে লোহান এবং গায়িকা ক্রিস্টিনা অ্যাগুইলারাও।
পোশাক আশাক নিয়ে এমনিতেই ২০০৬ সালে বেশ আলোচনার ঝড় তুলেছিলেন ব্রিটনি। গাড়িতে ওঠার সময় এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পরে- তিনি শুধু শর্টপ্যান্টই পড়েছেন, অর্ন্তবাস পড়েননি। এ নিয়ে গনমাধ্যমে অনেক সমালোচনাও হয়েছে।
৪৭তম এই প্রতিবেদনে ব্লাকওয়েল ক্যামিলা পার্কারকে দ্বিতীয় স্থানে রেখেছেন। পালকের হ্যাট এর প্রতি তার অপরিসীম দুর্বলতার কারণে তিনি অভিহিত হয়েছেন ‘রাজকীয় জঞ্জাল’ হিসাবে।
‘ফ্রিকি ফ্রাইডে’খ্যাত অভিনেত্রী লিন্ডসে লোহান রয়েছেন তৃতীয় অবস্থানে। তার সম্পর্কে মন্তব্যটাও বেশ মজার- “দুঃখজনকভাবে ফ্যাশনের প্রথম ধাপেই ইনি আটকা পরে গেছেন। আর এগোতে পারেননি।”
গায়িকা ক্রিস্টিনা অ্যাগুইলারা এবং মারায়া ক্যারি রয়েছেন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। আর আমেরিকান আইডলের বিচারক পলা আবদুল ষষ্ঠ, অভিনেত্রী শ্যারন স্টোন সপ্তম, টরি স্পেলিং অষ্টম, সান্ডা ওহ নবম এবং অভিনেত্রী মেরিল স্ট্রিপ দখল করেছেন দশম স্থান।
মন্তব্যের পাশাপাশি ব্লাকওয়েল তালিকায় স্থান পাওয়া সেলিব্রিটিদের কিছু উপদেশও বিলিয়েছেন। তাদেরকে তিনি নিজস্বতায় ভরপুর আকর্ষনীয় ফ্যাশনের ধারক যেমন কেট উইন্সলেট, অ্যাঞ্জেলিনা জলি, হেলেন মিরেন ও বেয়ন্স নোয়েলসের ফ্যাশন থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য ব্লাকওয়েল ষাট দশকের প্রথম সারির ডিজাইনার যিনি জেন মেন্সফিল্ড, পেগি লি এবং ন্যান্সি রিগান এর পোশাকের ডিজাইন করতেন।
