নিতুন কুণ্ডু : অনন্য সৃজনশীলতায় অমর এক ব্যক্তিত্ব
কল্পনা আর সৃজনশীলতা - হাতে হাত ধরে পথচলা তাদের। সাথে কঠোর পরিশ্রম। আর তার চেয়েও জরুরি নিজের ভেতরের সৃজনশীলতাকে বিকশিত করার অদম্য আগ্রহ। এর সবকিছুই ছিল সেই মানুষটির মধ্যে। তিনি নিতুন কুণ্ডু।
অসাধারণ মেধার অধিকারী মানুষটি শুক্রবার সকালে চলে গেলেন সবাইকে ছেড়ে। বয়স হয়েছিল ৭১। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেমের ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন। তবে ডাক্তাররা তাঁকে ধরে রাখতে পারেননি। মঙ্গলবার হৃদরোগে আক্রান্তের পর এক ঘন্টা শ্বাস -প্রশ্বাস বন্ধ থাকলেও দৈবক্রমে তিনি বেঁচে উঠেছিলেন। কিন্তু শুক্রবার তা আর হলো না।
নিতুন কুণ্ডু শুধু আঁকিয়েই ছিলেন না, ভাস্কর হিসেবে তার সুখ্যাতির উদাহরণ ছড়িয়ে আছে বিভিন্ন স্থাপত্য নিদর্শনে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে তাঁর ‘সার্ক ফোয়ারা’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সাবাশ বাংলাদেশ’ কিংবা চট্টগ্রাম বিমান বন্দরে ‘সাম্পান’- এগুলো সবই দেশী-বিদেশী পরিদর্শকদের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে।
তবে বেশি পরিচিতি পেয়েছেন ‘অটবি’ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন সচেতন মানুষের জন্য আসবাবপত্রে নতুন নতুন ডিজাইনের প্রবর্তন করে। সৃজনশীলতা, অক্লান্ত পরিশ্রম আর কর্মনিষ্ঠার মাধ্যমে যুগান্তকারী সব ধ্যান-ধারণার প্রকাশ ঘটিয়ে নতুন এক শিল্পের জন্ম দিয়েছিলেন তিনি।
জন্মেছিলেন উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে ১৯৩৫ সালে। মা বীণাপাণি কুণ্ডু, বাবা জ্ঞানেন্দ্র নাথ কুণ্ডু। লেখাপড়ায় হাতেখড়ি শহরের মহারাজা গিরিজা নাথ উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয় থেকেই প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের উত্তাল সেই দিনগুলোর মাঝে।
অত্যন্ত মেধাবী নিতুন জীবনে কোনও পরীক্ষায় দ্বিতীয় হননি। রাজধানীর ইনস্টিটিউট অফ ফাইন আর্টস থেকে øাতক প্রাপ্ত হন ১৯৫৯ সালে। এরপর সেখানেই যোগ দেন শিক্ষক হিসেবে। আত্মনিয়োগ করেন আঁকা-আঁকি আর ভাস্কর্য নির্মাণে। তবে নিজের পছন্দমতো কাজ করার স্বাধীনতা না থাকায় শিক্ষকতা ছেড়ে দেন।
এরপর নতুন নতুন ডিজাইনের পণ্য তৈরির আগ্রহ থেকে নিজস্ব স্টুডিও গড়ে তোলেন। সৃজনশীলতার প্রেরণা পেয়েছিলেন মায়ের কাছ থেকে। তার পরামর্শেই নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রের তিনটি কারখানা স্থাপন দিয়ে শুরু তার অন্য এক জীবনের।
কিভাবে ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে আরামদায়ক সব আসবাবপত্র তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করতেই ব্যস্ত থাকতেন সারাক্ষণ। নিত্যনতুন ডিজাইনের মধ্য দিয়ে বাঙালীর জীবনধারায় পরিবর্তন আনায় তিনি হয়ে উঠেন অনন্য পথিকৃৎ।
তার স্টুডিও হয়ে উঠে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে আধুনিক ফার্নিচার কোম্পানি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এগিয়ে গেছেন সফলতার সাথে।
অবশেষে পথ চলা শেষ হলো তাঁর। সবাইকে ছেড়ে পরলোকে পাড়ি জমালেন নিতুন কুণ্ডু।
