নিপীড়িত মানুষের কান্নায় নিঃশ্বাসে বিশ্বাসে বেঁচে থাকবেন নজরুল: আলোচনা সভায় বক্তারা
নতুন প্রজন্মের অনেকেই আজ নজরুলের তিনটি কবিতা কিম্বা গ্রন্থের নাম বলতে পারে না। এটা আমাদের জন্য চরম দূর্ভাগ্য। তারপরও নিপীড়িত মানুষের কান্নায় নিঃশ্বাসে বিশ্বাসে তিনি অজস্র বছর বেঁচে থাকবেন।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুগে যুগে নজরুল’ র্শীষক এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. আবদুল কাইউম, কবি নূরুল হুদা, খিলখিল কাজী, ড. সৌমিত্র শেখর, রাশিদুল বারি, সেলিনা আখতার জাহান, আগামী প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ওসমান গনি প্রমুখ।
বক্তারা বলেন, নজরুল যদি কোনো কবিতা বা সাহিত্য রচনা না করতেন, তারপরও তিনি শুধুমাত্র তাঁর বিদ্রোহী কবিতাটির জন্যই যুগে যুগে অমর হয়ে থাকতেন। তিনি যেভাবে বিভিন্ন সংগ্রামে বাঙ্গালীকে সাহস যুগিয়েছেন অন্য কোনো কবি বা লেখক সেভাবে এগিয়ে আসতে পারেননি।
বক্তারা আরও বলেন, নজরুল ছিলেন সাম্যবাদ ও অসাম্প্রদায়িকতার কবি। দেশ ও জাতি এখন এক কঠিন সময় অতিক্রম করছে। এখন প্রয়োজন নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
