ঢাকায় ব্রিটিশ ফিউশন ফুড ফেস্টিভ্যাল ২৬ আগস্ট শুরু হচ্ছে
ঢাকা শেরাটন হোটেলে চারদিনব্যাপী তৃতীয় ব্রিটিশ ফুড ফিউশন ফেস্টিভ্যাল শনিবার শুরু হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের পর কলকাতা সোনারবাংলা শেরাটন হোটেলে ১লা আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল। বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের বাঙালী রেস্টুরেন্টবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ‘কারি লাইফ’ এর সম্পাদক সৈয়দ বেলাল পাশা জানান, মাত্র অর্ধশতকের ব্যবধানে বাঙালীর খাদ্য তালিকার প্রিয় কারি আজ ব্রিটিশদের খাবার তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশী শেফদের অতুলনীয় রন্ধন শৈলীর কারণেই তা সম্ভব হয়েছে। ব্রিটেনের চার জনপ্রিয় শেফকে নিয়ে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
ঢাকা এবং কলকাতার ফুড ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছেন যুক্তরাজ্যের ফ্লিন্টশায়ারের বেঙ্গল ডাইনাস্টি রেস্টুরেন্টের শেফ পার্থ মিত্র, স্টিভেনেজ এর সুরমা তান্দুরির শেফ ওলি খান, কেন্ট এর রচেস্টার শহরের সজনা রেস্টুরেন্টের শেফ জামাল উদ্দিন এবং কাউন্টি ডারহামের দ্য ক্যাপিটাল রেস্টুরেন্টের শেফ সৈয়দ নজরুল ইসলাম।
এ ছাড়াও তাদের সাথে এসেছেন ফুড হাইজিন বিশেষজ্ঞ শামসুল ইসলাম। শেফদের চারজনের মধ্যে পার্থ মিত্রের জন্মভূমি পশ্চিমবঙ্গে এবং বাকি সবাই বাংলাদেশী এবং সিলেটের অধিবাসী।
কারি লাইফের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা জানান, যুক্তরাজ্যে বাঙালী খাবার বিশেষ করে কারির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বর্তমানে সেখানে ১২ হাজার বাংলাদেশী রেস্টুরেন্ট চালু রয়েছে। সেখানে প্রায় লক্ষাধিক বাঙালী কাজ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মহিব চৌধুরী উপস্থিত ছিলেন।
