২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কবিতা পরিষদের আয়োজনে শামসুর রাহমান স্মরণে সাত দিনের কর্মসূচি শুরু

দেশের প্রধান কবি শামসুর রাহমানের স্মরণে জাতীয় কবিতা পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে সাত দিনব্যাপী শোক কর্মসূচি শুরু করেছে। কালো পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন কবি সৈয়দ শামসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

শোক কর্মসূচির প্রথম দিনে কালো পতাকা, জাতীয় কবিতা পরিষদের পতাকা এবং  সর্বসাধারণের জন্য শোক বই খোলার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি রবিউল হুসাইন, সাধারণ সম্পাদক সমুদ্র গুপ্ত, সাবেক সভাপতি কবি সৈয়দ শামসুল হক, কবি অধ্যাপক ড. সামাদ আজাদ, মোহন রায়হান, আসলাম সানী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কবি সমুদ্র গুপ্ত বলেন, শামসুর রাহমান কখনো প্রস্থান করতে পারেন না। বাঙালি চিন্তা-চেতনা এবং ভাষা থেকে কখনো তার প্রস্থান হতে পারে না। তিনি শারীরিকভাবে নেই কিন্তু রয়েছেন আমাদের মননে, সাহিত্যে এবং চিন্তা-চেতনায়।

শুভেচ্ছা বক্তব্যে কবি সৈয়দ শামসুল হক বলেন, কবি শামসুর রাহমান সবসময় তার কবিতায় কৃষ্ণপক্ষ, অমাবস্যার কথা বলতেন বর্তমান সমাজ সে সঙ্কটে নিমজ্জিত। কবিতার মাধ্যমে বাংলাদেশের সকল অমাবস্যা, কৃষ্ণপক্ষ চিরদিনের মতো মুছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

সাত দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২১ আগস্ট কবির কবর জিয়ারত ও কবি পরিবারের সাথে সাক্ষাত এবং বিকেলে কবিতা পরিষদের শোকবাণী প্রদান, ২২ আগস্ট টিএসসি থেকে নাগরিক শোক মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, ২৩ আগস্ট টিএসসিতে নিবেদিত কবিতা পাঠ, ২৪ আগস্ট শামসুর রাহমান রচিত গান ও কবিতা, ২৫ আগস্ট নিবেদিত কবিতা ও ভিডিও প্রদর্শনী, ২৬ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে শোক কর্মসূচি। এ শোক কর্মসূচির মধ্যে সকাল এগারটায় আলোক চিত্র প্রদর্শনী, বিকেল তিনটায় কবি শামসুর রাহমানের ওপর তৈরী প্রামাণ্য চিত্র প্রদর্শনী, শোকভাষা উচ্চারণ প্রভৃতি।