২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রাহমানের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের গভীর শোক প্রকাশ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিবৃতিদানকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাকের পার্টি, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ যুব ইউনিয়ন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম শামসুর রাহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, কবি শামসুর রহমানকে হারিয়ে দেশ শুধু একজন প্রধান কবিকে হারালো না, হারালো দেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তবুদ্ধির আন্দোলনে রাজপথের অন্যতম সংগঠক ও সৈনিককে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি সামসুল আলশ সজ্জন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম এক বিবৃতিতে বলেন, শামসুর রাহমান সারাজীবন তাঁর লেখনীর মাধ্যমে বাংলা ও বাঙ্গালির জীবন সংগ্রামের অধ্যায়কে নবচেতনার আলোকে ঋদ্ধ করেছেন। তার মৃত্যু গোটা বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।

জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী গভীর শোক প্রকাশ করে বলেন, সুতীক্ষè লেখনী, দেশপ্রেম, আধুনিকতা ও মানবতাবাদে ভাস্বর শামসুর রাহমান দেশ ও জাতির পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার দৃষ্টান্ত বিরল।

বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিএম শহীদুল হক ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম এক বিবৃতিতে বলেন, কবি শামসুর রাহমান ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মুক্তমনা, প্রগতিবাদী ও সৃষ্টিশীল। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর মহাপ্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকী এক বিবৃতিতে বলেন, কবির মৃত্যুতে দেশ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম একজন কর্মীকে হারালো।

এদিকে বিডিনিউজের ফরিদপুর প্রতিনিধি জানান, কবি শামসুর রাহমানের মৃত্যুতে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতিক সংস্থা, সম্মিলিত সংস্কৃতিক জোট, শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাংবাদিক সমিতি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ফরিদপুর রিপোটার্স ক্লাব, খেলাঘর, ফুলকি, শিশু প্রকাশ ও চাঁদের হাট গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে।