কবি শামসুর রাহমান আর নেই, আপডেট
বাংলা কবিতার ভূবনে চার যুগেরও বেশী সময় ধরে দোর্দন্ড প্রতাপে রাজত্ব করা দেশবরেণ্য অন্যতম প্রধান কবি শামসুর রাহমান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি হৃদরোগ সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর শরীরের অন্য প্রত্যঙ্গগুলোও বিকল হয়ে গিয়েছিল।
শামসুর রাহমানকে গত ৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ মিনিটে তাঁর মরদেহ হাসপাতালের আইসিইউ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
এ সময় কবির পরিবারের সদস্যরা ছাড়াও বহুদিনের সুহৃদ, বন্ধু ও গুণমুগ্ধরা সেখানে উপস্থিত ছিলেন।
কবির ভাতৃবধু ও ব্যারিস্টার তোফায়েলুর রহমানের স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের দায়িত্বহীনতার কারণে তার মৃত্যু হয়েছে। সরকার যদি সঠিক সময়ে উন্নততর চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানোর ব্যাবস্থা করতো, তাহলে হয়তো আমরা তাকে হারাতাম না।
কবির পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাযার পর বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হতে পারে।
তার প্রথম দফা নামাজে জানাযা বৃহস্পতিবার রাতে মিরপুর এসওএস শিশু পল্লী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এর আগে রাত সোয়া আটটার দিকে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে স্ট্রেচারে শুইয়ে কবিকে বিএসএমএমইউ থেকে সড়ক নং- ১, বাড়ি নং- ৩/১ শ্যামলীতে তার নিজ বাসভবনে নেওয়া হয়।
এ সময় একটি পুলিশের গাড়ি এসকর্ট করা অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে কবির শত শত ভক্ত অনুসরণ করে এবং বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ কবির শ্যামলীর বাসভবনে ভীড় করে।
কবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাহিত্য ও সাংস্কৃতিক জগতের স্বনামধন্য ব্যক্তিবর্গ তার বাসভবনে ভীড় করেন। কবি শামসুর রাহমানের দীর্ঘদিনের বন্ধু সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, শামসুজ্জামান খান যেন তাদের বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না।
গোটা বাড়িতেই এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এমন কাউকে পাওয়া যায়নি যে তিনি কাঁদছিলেন না। কবির স্ত্রী জোহরা রাহমান, পুত্রবধু টিয়া, মেয়ে সুমী ও সেবা অসম্ভব ভীড়ের কারণে দীর্ঘ সময় কবির মৃতদেহের কাছে পৌছাতে পারেননি।
‘শামসুর রাহমান, শামসুর রাহমান’ বলে সৈয়দ হক দুইবার চিৎকার করে তার বন্ধুকে ডাকেন এবং সেখান থেকে কোন সাড়া না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি বলছিলেন, ‘কারো কাঁদা উচিত নয়, শামসুর রহমান জীবিত আছেন’। ‘আমরা কেউই অমরত্বের লাইসেন্স নিয়ে পৃথিবীতে আসিনি। কিন্তু যতদিন পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য বেঁচে থাকবে, তিনি তার কবিতার মাধ্যমে বেঁচে থাকবেন’।
কবি রফিক আজাদ এসময় ভালোবাসা ও শ্রদ্ধার সাথে কবির মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, তিনি যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে আমাদের কাজ করা উচিত।
অধ্যাপক আনিসুজ্জামান, ড. জাফর ইকবাল, অধ্যাপক আআমস আরেফীন সিদ্দিক, নাট্যকার আতিকুল হক চৌধুরী, কবি রবিউল হোসেন, নাসির আহমেদ, শিল্পী হাশেম খান এবং নাট্য ও সংস্কৃতিক ব্যাক্তিত্যদের মধ্যে রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যয়, কাওসার চৌধুরী, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, কামাল পাশা, মানবাধিকার কর্মী খুশী কবীর, রাজনীতিক তোফায়েল আহমেদ ও আমীর হোসেন আমুসহ বিভিন্ন শ্রেনী ও পেশার শত শত মানুষ কবিকে শেষ বারের মতো দেখার জন্য তার বাড়িতে উপস্থিত হয়।
আট দশক পৃথিবীর আলোয় আলোকিত চোখগুলো, শামসুর রাহমানের মৃদুকণ্ঠটি চিরদিনের মতো বন্ধ হয়ে গেলো। কিন্তু তার স্বপ্ন ও চেতনা কোনোদিনই পৃথিবী থেকে হারিয়ে যাবে না।
