২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরেণ্য কবি শামসুর রাহমান আজ সন্ধ্যায় মারা গেছেন

গত চার দশকেরও বেশী সময় ধরে বাংলা সাহিত্যে দোর্দন্ড প্রতাপের সঙ্গে রাজত্ব করা দেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

আজ সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি মাইওকার্ডিয়াল ইনফারকশানসহ নানাবিধ জটিলতায় ভূগছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর শরীরের অন্য প্রত্যঙ্গগুলোও বিকল হয়ে গিয়েছিল।

কবি শামসুর রাহমানকে গত ৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রাত ৭টা ৪৫ মিনিটে তাঁর মরদেহ হাসপাতালের আইসিইউ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এসময় কবির পরিবারের সদস্যরা ছাড়াও কবির বহুদিনের সুহৃদ, বন্ধু ও গুণমুগ্ধরা সেখানে উপস্থিত ছিলেন।