কবি শামসুর রাহমানের অবস্থার আরো অবনতি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থা সোমবার আরো অবনতি হয়েছে।
হাসপাতালের শয্যায় উৎকন্ঠিত সময় কাটাচ্ছেন কবি পরিবারের সদস্যরা। আর দেশ - বিদেশ জুড়ে কবির গুণমুগ্ধ বাংলাভাষীরা প্রার্থনা করছেন ক্ষণজন্মা কবির আরোগ্য।
কবিকন্যা সুমাইয়া রহমান সুমি বিডিনিউজকে জানান, অসুস্থ কবির অবস্থা এখন আরো একটু খারাপ।
তিনি জানান, সোমবার কবি তিনবার বমি করেছেন; তার রক্তচাপ এখন বেশ নীচের দিকে ও প্রায়ই তা ওঠানামা করছে।
সুমি আরো জানান, প্রায় অচেতন কবি বেলা পৌনে ৩ টার দিকে চোখ মেলে তাকান। তিনি কিছু বলারও চেষ্টা করেন। তবে বিকাল ৩ টার দিক থেকে কবি আর সাড়া দিচ্ছেন না।
চিকিৎসকদের একটি সূত্র জানায়, শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতার কারণে কবি শামসুর রাহমান এখনো কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন। কবিকে নলের সাহায্যে খাবার ও ওষুধ খাওয়ানো হচ্ছে।
বাংলাভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানকে অসুস্থ অবস্থায় গত ৬ আগস্ট বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয় ।
