২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রাহমান চোখ মেলে চাইলেন

প্রখ্যাত কবি শামসুর রাহমান শুক্রবার সকালে চোখ মেলে তাকালেও তার অবস্থার সার্বিক উন্নতি হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

কবির পরিবারের সদস্যরা জানান, সকালে কবি কিছুক্ষণের জন্য চোখ মেলে তাকান। দেখেন পাশে থাকা কন্যা সোমা, পুত্রবধূ টিয়া রাহমান এবং নাতিনকে। এ সময় কবি ইশারায় কথা বলতেও চেষ্টা করেন।

এদিকে কবিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে চিকিৎসরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অবস্থায় কবির জন্য বিদেশ যাত্রা বিপদজনক হতে পারে।

কবিকে বিদেশে পাঠানোর বিষয়ে পর্যালোচনা করার জন্য শনিবার গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড আবারো বৈঠকে বসছে।

এদিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট’র (আইসিইউ) ডাক্তার মিলন বিডিনিউজকে জানান, কবির পাল্স এখনো অনিয়মিত। সাধারণত পাল্স বিট ৭০/৮০ থাকলেও কবির পাল্স বিট এখন আরো বেশি।

তিনি বলেন, পাল্স বিট বেশি হলে হার্ট ফেইল করার আশঙ্কা থাকে।

তিনি জানান, কবির লিভারের সমস্যা কমলেও তারা এতে সন্তুষ্ট নন। কবির আগে বিলোরবিন ছিলো ৩ দশমিক ৭; এখন এর মাত্র ১ দশমিক ৭। ফলে তার জন্ডিসের উন্নতি হয়েছে। ফুসফুসের অবস্থাও ভালো। আগে কাশির সাথে কফ বের হচ্ছিল না। এখন সাকসেশনের মাধ্যমে কফ বের করা হচ্ছে। আগে কফ বের না হওয়ায় কবির শ্বাসকষ্ট ছিলো।

ডা. মিলন আরো জানান, তার শরীরের লবনের (সিরাম ইলেট্রলাইট) পরিমান বৃহস্পতিবার কম থাকলেও শুক্রবার তা স্বাভাবিক হয়েছে। আটারিয়াল ব্লাড গ্যাস স্বাভাবিক রয়েছে; ব্লাড প্রেসারও নর্মাল। শরীরের তাপমাত্রা ৯৮ - ১০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ইনসুলিনের মাধ্যমে কবির ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে।

তিনি জানান, তবে কিডনীর অবস্থা এখনো রয়েছে অপরিবর্তিত; কবির কিডনী দুটি কাজ করতে চাইছে না। তার শরীরের একাধিক কলকব্জা বিকল হয়ে পড়ায় অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

আইসিইউ সূত্র জানায়, কবিকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। স্যালাইনের মাধ্যমে ওষুধ ও খাবার দেওয়া হচ্ছে।

এদিকে কবিকে দেখতে সাবেক ভিসি মনিরুজ্জামান মিয়া, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি মোহন রায়হান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী শুক্রবার হাসপাতালে যান। তারা কবির পাশে সময় কাটান। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গত ৬ আগস্ট ৭৭ বছরের কবি শামসুর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।