২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুর রাহমানকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

অসুস্থ কবি শামসুর রাহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 03:46 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এদিকে কবি শামসুর রাহমানের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

শ্বাসকষ্ট, হৃদরোগ ও কিডনিজনিত সমস্যার কারণে রোববার কবি রাহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ১ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।

অন্যান্য অসুখের সঙ্গে সোমবার তার জন্ডিস ধরা পড়ে। তাকে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হচ্ছে। এ ছাড়া তার জন্য ‘ক্যাথেটার ও বেড প্যানের’ ব্যবস্থা করা হয়।

আইসিইউ’র সহকারী অধ্যাপক  ডা. ইকবাল হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

ডা. ইকবাল হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, কবির মেডিকেল বোর্ড মঙ্গলবারও বৈঠক করেছে। তবে এতে আরো উন্নত চিকিৎসার জন্য কবিকে বিদেশে পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ড বুধবার আবারো বৈঠকে বসবে বলে জানা গেছে।

তিনি আরো জানান, কবি শামসুর রাহমানের অবস্থা এখন আগের মতোই রয়েছে।

কবির পুত্রবধূ টিয়া রাহমান বিডিনিউজকে জানান, চিকিৎসার জন্য কবিকে বিদেশে পাঠানোর বিষয়ে এখনো সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

টিয়া জানান, কবি কথা বলতে ও বুঝতে পারলেও চিকিৎসকরা তাকে কথা বলতে বারণ করেছেন। 

হাসপাতালে একবার চিকিৎসা নিয়ে কবি ২৩ জুলাই বাসায় ফিরে যান। হঠাৎ করে ১২ দিন পর গত শনিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভর্তি করা হয় হৃদরোগ হাসপাতালে। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।