২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রাহমানের অবস্থা অপরিবর্তিত

কবি শামসুর রাহমানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। শ্বাসকষ্ট, হৃদরোগ ও কিডনীজনিত সামান্য সমস্যার কারণে রোববার কবি রাহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ১ নম্বর বেডে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

কবি কন্যা টিয়া রাহমান বিডিনিউজকে জানান, কবির অন্যান্য অসুখের সঙ্গে সোমবার সামান্য জন্ডিস ধরা পড়েছে। তাকে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হচ্ছে। এ ছাড়া তার জন্য ক্যাথেটার ও বেড প্যানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, কবি কথা বলতে ও বুঝতে পারলেও চিকিৎসকরা তাকে কথা বলতে বারণ করেছেন। 

আইসিইউ’র সহকারী  অধ্যাপক  ডা. ইকবাল হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, হাসপাতালে একবার চিকিৎসা নিয়ে কবি ২৩ জুলাই বাসায় ফিরে যান। হঠাৎ করে ১২ দিন পর গত শনিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ভর্তি করা হয় হৃদরোগ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু মেডিকেলের আইসিইউ'তে।