বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম উপহার
‘আর্টস এ্যান্ড ক্রাফটস ফ্রম সুইজারল্যান্ড’ শীর্ষক এক প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার জাদুঘরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। সুইজারল্যান্ড দূতাবাসের ডোরা র্যাপল্ড এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক অধ্যাপক মাহমুদুল হক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাদুঘরের আন্তর্জাতিক ফ্লোরে একটি বিশেষ সুইজারল্যান্ড কর্নার স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী পরে এ কর্নারের উদ্বোধন করবেন বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রদর্শনীতে সিরামিক, মাটির তৈরি জিনিস, ফেব্রিক্সের জিনিস এবং খেলনাসহ প্রায় ১৫০টি আঞ্চলিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এ ছাড়া প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসও এতে রাখা হয়েছে। সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কৃতি বিভাগ ১৯৯৮ সালে এই প্রদর্শনীর উদ্যোগ নেয়। বিশ্বের ২০টিরও বেশী দেশে এই প্রদর্শনীর পর বাংলাদেশ জাদুঘরে এর উপকরণগুলো হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দেশের আন্ত:সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করাই এ প্রদর্শনীর উদ্দেশ্য। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার ৩৫ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। বন্ধুত্বের এ বিশেষ বছরটি পালনের লক্ষ্যে এ বছর নভেম্বরে ‘সুইস সপ্তাহ’ পালন করা হবে।
