২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি নজরুলের ১০৭ তম জন্মবার্ষিকী উদযাপনে ৪ দিনের বর্ণাঢ্য কর্মসূচি, ত্রিশালে উদ্বোধন করা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

আগামী ২৫ মে (১১ জ্যৈষ্ঠ ১৪১৩ ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৭ তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উদযাপনের জন্য সংস্কৃতি মন্ত্রনালয় এবং নজরুল ইনস্টিটিউট যৌথভাবে চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 02:43 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নগরীর ধানম-ির নজরুল ইনস্টিটিউটে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্কৃতি সচিব এটিএম আতাউর রহমান। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুল হাই সিকদার, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার সনৎকুমার বিশ্বাস, সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, চার দিনব্যাপী জন্মবার্ষিকী উদযাপনের মূল অনুষ্ঠান হবে কবির কৈশোর স্মৃতির স্থান ময়মনসিংহের ত্রিশালে। অনুষ্ঠানের প্রথম দিন ২৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে সকাল ৬ টায় পুষ্পস্তবক অর্পণের মাধমে কর্মসূচি শুরু হবে।

এরপর বিকাল ৪ টায় ত্রিশালে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দুপর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে রয়েছে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ওইদিনই ত্রিশালে উদ্বোধন করা হবে নজরুল বিশ্ববিদ্যালয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশে রচিত নজরুলের গান প্রাধান্য পাবে।

এরপর ২৬ থেকে ২৮ মে (১২ থেকে ১৪ জ্যৈষ্ঠ) -- ঢাকার নজরুল ইনস্টিটিউট চত্বরে চলবে ‘নজরুল বই মেলা’।  মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে।

ইন্সটিটিউট মিলনায়তনে ২৭ মে বিকাল ৩ টায় ‘ধ্রুব’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এছাড়া ‘ত্রিশালে নজরুল’ ও ‘কুমিল্লায় নজরুল’ নামে দুটি প্রামাণ্য তথ্যচিত্রের প্রদর্শণীও থাকছে। ২৮ মে মঞ্চস্থ করা হবে নজরুলের নাটক ‘অগ্নিগিরি’। এছাড়া আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।