২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এক অপার বিস্ময়ের নাম। সাহিত্যের এমন কোন মাধ্যম নেই যা রবীন্দ্রনাথের আশ্চর্য প্রতিভার স্পর্শে ব্যঞ্জনাদীপ্ত হয়ে ওঠেনি। তিনি একধারে কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, কথাশিল্পী, শিশু সাহিত্যিক, সংগীত স্রষ্টা, চিত্রশিল্পী। বহুমূখী ও বিস্ময়কর প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যেরও এক অমর ব্যক্তিত্ব। কবির লেখনীতে মানব জীবনে হাসি-কান্না, আনন্দ-বেদনা এবং গভীর জীবনবোধ বাঙময় হয়ে উঠেছে; প্রতিফলিত হয়েছে সাম্য, সম্প্রীতি এবং মানবতাবোধ। তিনি বাংলা ভাষা ও সাহিত্যেকে বিশ্ব সভায় তুলে ধরেছেন পূর্ণ মর্যাদায়। নোবেল বিজয়ী এ বিশ্বকবির সৃষ্টিশীল প্রতিভা তাঁকে করেছে কালজলী। বর্ণাঢ্য প্রতিভার আধিকারী এক অনন্যসাধারণ দার্শনিক-কবি রবীন্দ্রনাথের সৃষ্টিশীল কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য সৃজনশীলতার উৎস হয়ে উঠুক এই কামনা করি।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বাংলা ভাষাকে বিশ্বজনীন রূপদান ও গৌরবদীপ্ত করায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা স্বরণ করে বলেন, ‘একই লেখকের লেখা দু’টি গান দুই স্বাধীন স্বার্বভৌম দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ হওয়া পৃথিবীর ইতিহাসে বিরল’।

খালেদা জিয়া বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ছোটগল্প, উপন্যাস, রচনা ব্যাপকভাবে পঠিত এবং তার গান সমগ্র বাংলার সাংস্কৃতিক পরিম-লে এক বিরাট ঐশ্বর্য।

তার সাহিত্যকর্ম আমাদের মাঝে পরমতসহিষ্ণুতা, সম্প্রীতি, নিরপেক্ষতা এবং ভালবাসার আবেশ সৃষ্টি করে এবং আমাদের জ্ঞান বিকাশে আলোকবর্তিকার ভূমিকা পালন করে আসছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাগ্রসর চিন্তা, মানুষের স্বাধীনতা ও মানবিক উন্নয়নে নিরন্তর প্রয়াসী বহুমাত্রিক প্রতিভা ও সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সংস্কৃতি মানুষকে নবপ্রান দান করেছে।

প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ তার তীক্ষè বোধ ও সাবলীল লেখনীর মাধ্যমে জরা, বৈষম্য এবং ব্যক্তিক ত্রুটি তুলে ধরে সমাজ শুদ্ধির যে শুভসূচনা করেছেন তা অহর্ণিশ আমাদের স্থুলতাকে বিশোধন করেছে।

খালেদা জিয়া তার বাণীতে বাংলাসাহিত্যের অন্যতম শীর্ষ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে তার ব্যাপক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।