চট্টগ্রামে আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা
বন্দরনগরী চট্টগ্রামে তিন দিনব্যাপী ৭ম জাতীয় আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী থেকে এক বর্ণাঢ্য উৎসব শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে।
আবৃত্তি উৎসবে অংশগ্রহণের জন্য সারা দেশের সহস্রাধিক আবৃত্তিকর্মী ও শিল্পীরা চট্টগ্রামে অবস্থান করছেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব চলাকালে আবৃত্তিকর্মীরা নানা প্রকার মূখোশ নিয়ে ঢাক ও বাঁশি বাজিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকামউল্লাহ।
বিকাল ৪টায় শোভাযাত্রা শেষে উন্মুক্ত মঞ্চে শুরু হয় বৈকালিক আয়োজন। এ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন- বেলায়েত হোসেন, পারভেজ চৌধুরী, মাসুদ সেজান, ইস্তেকবাল হোসেন, মীর মাশরুর জামান রনি প্রমুখ।
বৃন্দ আবৃত্তি পরিবেশন করে- উদীচী, স্বরশ্রুতি, স্রোত আবৃত্তি সংসদ, বৈকুন্ঠ আবৃত্তি একাডেমী, স্বনন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্বরবৃত্ত, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, স্বরকল্পন আবৃত্তি চক্র ও ক’জনা-ঢাকা। এ ছাড়াও চট্টগ্রামের স্থানীয় আবৃত্তি দল প্রমা, বোধন, অনার্য অন্যস্বর, ময়মনসিংহের শব্দ এবং ফেনির আবৃত্তি সংসদ।
তিন দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে “সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রদোষকাল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
