২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবমুখর পরিবেশে সারাদেশে পহেলা বৈশাখ উদযাপিত

উৎসবমুখর পরিবেশ, বিচিত্র সাজ এবং অতীত বছরের জঙ্গিবাদ--মৌলবাদের দুঃস্বপ্নকে পেছনে ফেলে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে পহেলা বৈশাখ বলে অধিক পরিচিত বাংলা ১৪১৩ সনের প্রথম দিন শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে হাজার হাজার মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

একটি নতুন সূর্যোদয় সবসময় বাংলাদেশের জন্যে একটি নতুন স্বপ্ন ও ভালো দিনের সম্ভাবনা নিয়ে আসে। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে রাজধানীর বটমূলে ছায়ানটের শিল্পীরা মৌলিক বাংলা গান ‘এসো হে বৈশাখ’ গেয়ে নতুন বছরকে স্বাগত জানান।

চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল যাত্রায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা নাসরীন বলেন, এটি আমাদের জাতির শক্তি। আমরা কিভাবে আমাদের সংস্কৃতি উদযাপন করছি তা দেখে সবাই বুঝতে পারবে যে এখানে মৌলবাদ ও জঙ্গিবাদের কোন স্থান নেই। এখানেই বাঙালি জাতীয়তাবাদের মিলন ঘটেছে।

নতুন বছরের উদযাপন নতুন কোন বিষয় নয়। মোঘল সম্রাটদের রাজত্ব থেকে এটি চলে এসেছে। সম্রাট আকবর কর আদায়ের সুবিধার্থে বাংলা পঞ্জিকার সূচনা করেন। মোঘল রাজত্ব কিংবা কর আদায়ের বিশেষ দিন হিসেবে পহেলা বৈশাখকে এখন আর ব্যবহার করা হলেও পহেলা বৈশাখের আকর্ষণ কিন্তু কমে যায়নি। উপরন্তু প্রতিবার নতুন সাজে, নতুন ভাবে পহেলা বৈশাখ ফিরে আসে প্রতিবছর। আর দিনটি হয়ে গেছে বাঙালিদের কাছে অন্যতম একটি দিন।

ব্যবসায়ী ও দোকান মালিকরা এদিন নতুন হিসাব খাতা খোলেন এবং গ্রাহকদের মিষ্টিমুখ করান। তবে অনেক জায়গায় এদিন পুরাতন বছরের লেনদেন এদিন চুকিয়ে ফেলে নতুন হিসাবখাতা খোলেন।

বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থাও উৎসাহী বাঙালিকে ঘরে বসিয়ে রাখতে পারেনি। উৎসব উৎযাপনের কেন্দ্রস্থল রমনা পাক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তারা চষে বেড়াচ্ছেন। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনার সূত্রপাত প্রতিরোধ করতে সরকার ঐতিহ্যিক ভেন্যু হিসেবে পরিচিত রমনা পার্ক ও পার্কের আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোশাক পরিহিত র‌্যাপিড (অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব) ও সাদা পোশাকে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রায় আট হাজার সদস্য রমনা পার্কের ভেতরে--বাইরে ও আশেপাশের এলাকায় কড়া নজরদারি করতে মোতায়েন করা হয়। র‌্যাবের ডগ স্কোয়াড উৎসব ভেন্যুতে তল¬াশি চালায়। সেখানে গোপন ক্যামেরা ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়।

পুলিশ উৎসবের কেন্দ্রস্থলকে কেন্দ্র করে তার নিরাপত্তার জাল বিস্তার করেছে। তাদের কড়াকড়ির কারণে উৎসাহীদেরকে গত বছরের তুলনায় অনেক বেশি পথ পায়ে হেঁটে উৎসবস্থলে পৌঁছাতে হচ্ছে।

হাজার হাজার বাঙালি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রমনা পার্কে প্রবেশ করছে। পেশাদার ও অপেশাদার চিত্রশিল্পীরা উৎসব ভেন্যুর আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে আগ্রহীদের হাত, মুখ, গাল ও কপালে চিত্রাঙ্কন করতে দেখা গেছে। তীব্র দাবদাহ সত্ত্বেও মানুষ পার্কে প্রবেশের জন্যে সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উৎসব ভেন্যুতে হাজার হাজার লোকের উপস্থিতিতে ভেন্যুকে মানব সমুদ্রে পরিণত করেছে বলে আগতরা মন্তব্য করেছেন। লাল পাড়ের সাদা শাড়িতে নানা বয়সী মেয়েরা ও পাঞ্জাবি পরিহিত পুরুষরা নতুন বছরকে তাদের মতো করে স্বাগত জানাতে রাস্তায় বেরিয়ে আসে।

ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে বৈশাখী মেলায় আসেন।

এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে পিছিয়ে নেই সাংবাদিকরাও। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইউনিটির সদস্য ও তাদের পরিবারের জন্যে প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

এছাড়া দিনটি উদযাপন করতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, পিঠা উৎসবের আয়োজন করে।

সকাল থেকে হাজার হাজার উৎসাহী রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ধানমন্ডি লেক ও অন্যান্য মুক্ত স্থানে সমবেত হতে থাকে।

ভীড় সামলানোর জন্যে কারওয়ান বাজার থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে দোয়েল চত্বর সড়কে যানবাহন চলাচল সীমিত করে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা ও ধানমন্ডি লেক এলাকায় লোকজনের ভীড়ের কারণে ওই এলাকার যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। যানজট সামাল দিতে মহিলা পুলিশ সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনার বটমূলে বিশাল মঞ্চ স্থাপন করে। সেখানে ছায়ানটের শিল্পীরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশনা করেন। হাজার হাজার নারী--পুরুষ ও শিশুরা সেখানে উপস্থিত হয়ে ছায়ানটের পরিবেশিত অনুষ্ঠান উপভোগ করে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তারা অনুষ্ঠান সমাপ্ত করে।

বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্যে ছায়ানট, অলিয়েস ফ্রাঁসিজ, প্রশিকা, ঐতিহ্য, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চারুকলা ইনস্টিটিউট মঙ্গল শোভাযাত্রা বের করে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গিয়ে তাদের এ শোভাযাত্রা শেষ হয়।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক বাণী দেন।

দিনটি ছিলো জাতীয় ছুটির দিন।

দিনটির গুরুত্ব আলোকপাত করে জাতীয় দৈনিকগুলো বিশেষ সাময়িকী প্রকাশ করেছে। টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে।