দেশজুড়ে চলছে নববর্ষের উৎসব
পূর্ব গগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত, তরুণারুণ রাগে’ বাংলা বছরের শুভ্র-শুভ মুহূর্তটিতে শুক্রবার সমগ্র দেশ ভাসছে উৎসবের বন্যায়, বাঙ্গালী নতুন করে বেঁচে ওঠার আকাঙ্খায় হয়ে উঠেছে মুখর।
রমনার বটমূলে ’এসো হে বৈশাখ এসো এসো’ এ গানটি দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে ছায়ানটের শিল্পীদের সঙ্গে নতুন বছরকে বরণ করে নিয়েছে বাঙ্গালী।
জাতি, ধর্ম, বর্ণ আর বয়সের গন্ডী ভেঙ্গে লাখো মানুষের গন্তব্য গিয়ে আজ মিশেছে এক জায়গায় - ঐতিহাসিক রমনার বটমূল আর তার আশেপাশের এলাকায়।
নতুন বছরকে পরিপূর্ণভাবে বরণের আকাঙ্খায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে।
ছায়ানট, আলিয়্যাঁস ফ্রঁসেজ-ঢাকা, প্রশিকা, ঐতিহ্য, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রসহ আরো অনেক সংগঠন সাড়ম্বরে নববর্ষ পালন করছে।
সকালে একটি বর্ণিল শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রবীন্দ্র সরোবরের দিকে যাত্রা করে।
এদিকে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।
নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দনি আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
আজ সরকারি ছুটির দিন। জাতীয় দৈনিকগুলো দিনটিতে বের করেছে বিশেষ ক্রোড়পত্র। পাশাপাশি টিভি চ্যানেলগুলো বিশেষ আনুষ্ঠান প্রচার করছে।
