শুক্রবার শুভ নববর্ষ, বর্ষবরণের সব আয়োজন সম্পন্ন
বৈশাখ এলো, বৈশাখ এলো, ঝড়ের দোলায় দুলে; বকুল শাখায় আকুল দোয়েল, ওই নাচে লেজ তুলে। শুক্রবার শুভ নববর্ষ। নতুন বছর বরণ করে নিতে বাঙ্গালি জাতি প্রস্তুত। রমনার বটমূল সেজেছে তার চিরাচরিত সাজে। ভোরের আলোয় বৈশাখের প্রথম দিনটিকে বরণ করা হবে গানে গানে। প্রাণে প্রাণে লাগবে আনন্দের ঢেউ।
চারুকলা ঘুরে দেখা গেলো একটা সাজ সাজ রব। আকাআকি চলছে। প্রতিবারের মতো এবারেও বর্ষবরণের মঙ্গল যাত্রা শুরু হবে এ চত্ত্বর থেকে।
বেইলি রোডের দোকান গুলোতে হাজার মানুষের ভিড়। লাল সাদার মিশেলে শাড়ি কেনা। বৈশাখের আগুন রঙা পাঞ্জাবি ফতুয়া বিক্রি হচ্ছে। শিশুরাও কেউ শাড়ি কেউ ড্রেস কিনছে। এছাড়াও পত্র-পত্রিকায় দেখা গেছে কত সুন্দর সুন্দর নকশার শাড়ি, পাঞ্জাবি নিয়ে কে কোথায় পসরা সাজিয়েছে তার বিজ্ঞাপন।
তাই দেখে দেখে ঘরে ঘরে নারীদের দোকান ও শাড়ি পছন্দ চলেছে কয়েক দিন। এক ফাঁকে দোকানে গিয়ে ভিড় ঠেলে শাড়িও কিনে আনা হয়েছে।
বেইলি রোডের একজন বিক্রেতা জানালেন, সাধারণত তাদের দোকান খোলা থাকে রাত দশটা পর্যন্ত এখন ক্রেতার ভিড়ে রাত ১১টার পরেও দোকান খোলা রাখতে হয়।
ইস্কাটনের চটপটি বিক্রেতা হারুণ জানালেন পহেলা বৈশাখে শাহাবাগ মোড়ে দোকান ফেলবেন তিনি। বললেন, এ দিনে চটপটি বানিয়ে কুলিয়ে ওঠা যায় না। ক্রেতাদের জন্যে আলাদা প্লেটে চটপটি বানানো যাবে না। একবারে বড় পাত্রে চটপটি বানিয়ে আলাদা প্লেটে পরিবেশন করবেন।
এছাড়াও ছোলা-চানা বিক্রেতা, বাদাম বিক্রেতা, মুড়ি, মুড়কি কদমা বিক্রেতারা বৃহস্পতিবার বিকেল থেকেই বসতে শুরু করেছেন রমনা, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্ত্বর এলাকায়।
খেলনা, বাঁশি, পাখাসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প সামগ্রিও পাওয়া যাবে এসব এলাকায়।
এবারের বৈশাখে মেলা বসেছে রাজধানির বেশ কয়েকটি জায়গায়। ধানমন্ডি, কলাবাগান, মহিলা কমপ্লেক্স মাঠে এদিকে সার্কিট হাউজ রোডে মেলার আয়োজন পাকাপাকি।
বিদেশিরা যারা ঢাকায় অবস্থান করছে তাদের মধ্যে বৈশাখ নিয়ে উৎসাহের কমতি নেই। ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন ডেনমার্কে রিচ ম্যাডসেন। তিনি বললেন, আমরাও আমদের দেশে নতুন বর্ষ উদযাপন করি, এবার দেখবো বাংলাদেশ কিভাবে তা করে।
নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা বিশেষ বাণী দিয়েছেন। এছাড়াও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সারা দেশ থেকেও বর্ষবরণ উদযাপন প্রস্তুতির নানা খবর এসেছে। এর মধ্যে রয়েছে মেলা, নৌকাবাইচসহ বিভিন্ন ধরনের সনাতনী আয়োজন।
নববর্ষের শুভেচ্ছা কার্ড বিতরণ চলে আসছে বেশ কয়েকদিন ধরে। কার্ডের দোকানগুলোতে যেমন ভিড় তেমনি ভিড় ছিলো বিভিন্ন প্রেসে।
শিল্পীদের কার্ডের ডিজাইন তৈরিতেও ব্যস্ত থাকতে হয়েছে। শিল্পী হিরন্ময় চন্দ বললেন, এটি একটি সনাতনী ধারা। নববর্ষ উৎসব বাঙ্গালির প্রাণের উৎসব এতে ধর্ম বর্ণ জাতি কোনও ভেদাভেদ নেই। এবারের নববর্ষে কয়েক ডজন কার্ডের ডিজাইন করতে হয়েছে তাকে।
পুরান ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হালখাতা উৎসবের আয়োজনও সম্পন্ন। সেখানে দোকানগুলো সাজানো হয়েছে। ব্যবসায়ীরা নতুন হিসেবের খাতা খুলবেন। বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তির দিনে তাদের ছিলো পুরোনো পাওনা টাকা তোলার ধুম। কেউ কেউ নগদ ওঠা টাকা বস্তায় ভরে রাখেন। রাত বারোটা পর্যন্ত তাদের এ কাজ চলবে।
এটা আরেকরকম আনন্দের পরিবেশ, বললেন ইসলামপুর এলাকার কাপড় ব্যবসায়ী হাজী শহিদুল।
পহেলা বৈশাখ যেমন অনেক আনন্দ উল্লাসের, চৈত্র সংক্রান্তিরও তেমনি ঐতিহ্যগত তাৎপর্য রয়েছে। দিবসটিকে উপলক্ষ্য করে প্রবর্তণার আড্ডায় বৃহস্পতিবার বসেছিলো বাউল গানের বিশেস আসর। তার সাথে সাথে সনাতনি ধারায় খিচুরি, পায়েসসহ বিভিন্ন খাবারের আইটেমও বিক্রি হয়েছে সেখানে।
বছরের শেষ দিনটি নিয়ে অবশ্য নাগরিক সমাজে অতটা আগ্রহ নেই। শুক্রবারের বর্ষ বরণে সাধারণ মানুষের যে ঢল ঢাকার রাস্তায় দেখা যাবে তারই অপেক্ষায় সকলে।
