স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তৎকালীন চার ছাত্রনেতাকে ‘দৈনিক আমাদের সময় সম্মাননা’ প্রদান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ছাত্র - জনতার প্রতিরোধ গড়ে তুলতে ভুমিকা পালনকারী চার ছাত্র নেতাকে সম্মাননা প্রদান করেছে দৈনিক আমাদের সময়।
বুধবার ‘আমাদের সময়’ প্রাঙ্গনে তৎকালীন চার ছাত্রনেতা ডাকসুর ভিপি ও ছাত্রনেতা আসম আবদুর রব, জিএস আব্দুল কুদ্দুস মাখন, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজকে এই সম্মাননা দেওয়া হয়।
আসম আবদুর রবকে ক্রেস্ট প্রদান করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কল্যানী ঘোষ, আব্দুল কুদ্দুস মাখনের স্ত্রী হাসমত জাহান হাসুর হাতে ক্রেস্ট তুলে দেন অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, নূরে আলম সিদ্দিকীকে ক্রেস্ট প্রদান করেন ড. তোফায়েল আহমেদ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের হাতে ক্রেস্ট তুলে দেন কবি আসাদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল লোহানী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, ড. আতিউর রহমান, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক আবু হামিদ সাহাবুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দূর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইতিহাস বার বার বদলায়না। নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের আরেক নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই যে ভ্রান্তির ইতিহাস তৈরির অপপ্রয়াস চালানো হচ্ছে তাকে নস্যাৎ করে দিতে হবে।
