২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকবির নোবেলপদক আজও উদ্ধার করতে পারেনি ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক আজও উদ্ধার করতে পারেনি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। নোবেল পদকসহ কবির ব্যবহার্য ৫০টিরও বেশি জিনিস চুরি হয়েছিল আজ থেকে ঠিক দু’বছর আগে ২০০৪ সালের এই দিনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

মহামূল্যবান নোবেল পদক হারিয়ে, ৭০৩ দিনে প্রাপ্তির মধ্যে নোবেল পদকের রেপ্লিকা বা পদকের অনুরূপ পদক পেয়েছে শান্তিনিকেতন কর্তৃপক্ষ। কার্যত আর কিছুই হয়নি। এমন কি গোয়েন্দারা চুরি হওয়ার ব্যাপারে কোনো ক্লুই উদ্ধার করতে পারেনি।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই, ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন, ডিকেটটিভ ইনফরমেশন ব্রাঞ্চ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা মিলে যৌথভাবে চুরির তদন্তের কাজ করছে। তদন্তের পেছনে ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ রূপি খরচ হয়ে গেছে। সিবিআই পদক উদ্ধারের ব্যাপারে আশা প্রায় ছেড়েই দিয়েছে বলে জানা গেছে।

বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নাম মাত্র নিরাপত্তা ব্যবস্থার কারণে বিশ্বভারতীতে ছোট বড় অনেক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু ২০০৪ সালে বিশ্বাভারতীর উত্তরায়ণ থেকে নোবেল পদক চুরি যাওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। বলা হয়, নিরাপত্তার জন্যে একটা সিকিউরিটি টাওয়ার বসানো হবে। স্থাপন করা হবে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ক্লোজ সাকির্ট ক্যামেরা, ফায়ার অ্যালার্ম। কিন্তু বাস্তবতা হল, চুরি হওয়ার মাস খানেক পর বিশ্বভারতী সেই চিরাচরিত ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার রূপেই ফিরে যায়। সম্প্রতি শান্তিনিকেতন সরেজমিন পরিদর্শণ করে এ অভিযোগের সত্যতাই চোখে পড়ে। ৩৬ বিঘা জায়গার জুড়ে উত্তরায়নের বিচিত্রিতা, উদয়ন, উদীচি, শ্যামলী, কোর্নাক এবং ঐতিহ্যবাহী পুনশ্চ বাড়ি এখন বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়োজিত সাধারণ বেসরকারি নিরাপত্তারক্ষীরাই নিরাপত্তার দায়িত্বে।

তবে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুজিত কুমার বসু নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন। তিনি বিডিনিউজকে বলেন, গুরুদেবের নোবেল পদক চুরির সময় যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, এখন তার চেয়ে অনেক কঠোর করা হয়েছে। নোবেল পদক উদ্ধার না হওয়ার ব্যাপারে তিনি বলেন, কষ্টকর হলেও সত্য আজও পদকটি উদ্ধার হয়নি।

প্রসঙ্গত, নোবেল চুরির পরপরই উপাচার্য ঘোষণা দিয়ে বলেছিলেন, যারা পদক চুরি করেছে তারা যদিও সেটি ফিরিয়ে দেয় তবে তাদেরকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এমন কি, বিশ্বকবির আর্দশ মেনে চোরদের সাধারণ ক্ষমাও করা হবে। কিন্তু আজ পর্যন্ত উপাচার্যের কথায় চোরেরা নোবেল পদক ফিরিয়ে দেয়নি।

এদিকে নোবেল প্রতিষ্ঠানকে অনুরোধ করায় গতবছর একটি অনুরূপ নোবেল পদক বিশ্বভারতীকে দেওয়া হয়। সেটিও এখন উত্তরায়নের রবীন্দ্র সংগ্রহশালায় রাখা হয়েছে।