পঞ্চগড়ে আদিবাসীদের ২দিনের ঐতিহ্যবাহী কারাম ও বাহা উৎসব পালন
‘আমার সংস্কৃতি, আমার পরিচয়’ এ শ্লোগানকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ে দুই দিনব্যাপী আদিবাসীদের কারাম ও বাহা উৎসব শেষ হয়েছে।
উত্তার বাংগেলা আদিবাসী লাহান্তি নেটওয়ার্কের আয়োজনে অক্সফাম জিবি বাংলাদেশ প্রোগ্রামের সহযোগিতায় মঙ্গলবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালাভীড় গোয়ালপাড়া আদিবাসী কল্যাণ সমিতি কার্যালয়ে দুদিনের এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক খগেন্দ্রনাথ ঘোষ (বাবলু ঘোষ)।
দু’দিনব্যাপী এই উৎসবে আদীবাসী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি অবলম্বনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার আদিবাসী নারী - পুরুষের উপস্থিতিতে নারী - পুরুষরা তাদের ঢাক - ঢোল, বাঁশি, মাদল ও শিঙ্গা বাজিয়ে কোমর দুলিয়ে ঐতিহ্যবাহী নাচ - গান পরিবেশন করেন। আদিবাসী নর - নারী - আবাল -বৃদ্ধ - বণিতা সকলেই দিনভর নাচ - গানের মাধ্যমে উৎসবকে মাতিয়ে রাখেন। এতে আদিবাসীদের প্রযোজনায় দুটি নাটকও মঞ্চস্থ হয়।
