২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নানামুখি শোষণের পরেও আদিবাসীরা এখনো সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছে’

বাংলাদেশের আদিবাসীরা এখন সবচেয়ে প্রান্তিক মানুষ। একই সঙ্গে তাদের ওপর চলছে জাতিগত ও দারিদ্রের শোষণ। এতো বঞ্চনা -- নিপীড়নের পরেও তারা তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে। এটি সত্যিই বিস্ময়কর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

জাতীয় জাদুঘরে রোববার বিকালে থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বেসরকারি সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভোলপমেন্ট (সেড) এর আয়োজক।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন ঐতিহাসিক টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়ি ব্যক্তিত্ব চিং কিউ রোয়াজা, নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক অধ্যাপক মাহমুদুল হক। সভাপতিত্ব করেন সেড’র মহাপরিচালক অধ্যাপক শাখাওয়াত আলী। স্বাগত বক্তব্য রাখেন সেড পরিচালক ফিলিপ গাইন।

বক্তারা  বলেন, আদিবাসী ভাষা ও সংস্কৃতি এখন বিলুপ্তির মুখে। ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া আদিবাসীর ভূমির লড়াই এখনো শেষ হয়নি। স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে আদিবাসীরা জীবন দিয়েছে; কিন্তু স্বাধীনতার পর এখন নিজ ভূমেই তারা কাটাচ্ছে পরবাসীর জীবন।

বক্তারা আদিবাসী শিশুদের নিজ ভাষায় লেখাপড়া করার সুযোগ সৃষ্টি করার দাবি জানান।

পরে পার্বত্যাঞ্চলের ত্রিপুরা জনজাতির ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসুক’র নাচ পরিবেশন করার মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।

সারা বাংলাদেশ থেকে আসা রং -- বেরঙের পোষাক পরা নানান ধরণের আদিবাসী নারী -- পুরুষ ও শিশুর ভীড়ে মিলনায়তন ছিলো কানায় কানায় পূর্ণ।  

উদ্যোক্তারা জানান, এই আয়োজনে অংশ নিতে মোট ১৫ টি আদিবাসী গোষ্ঠি তাদের নিজস্ব সাংস্কৃতিক দল নিয়ে এসেছে। সাংস্কৃতিক উৎসব প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত চলবে।

এছাড়া উৎসবের অংশ হিসেবে শনিবার থেকে ধানমণ্ডির দৃক গ্যালারীতে শুরু হয়েছে সাতদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘অরণ্য ও অরণ্যের সংস্কৃতি’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।