২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু, হাজারো ভক্তের পদচারণায় মুখরিত লালন আখড়া

কুষ্টিয়া শহরতলীর ছেঁউড়িয়ায় শুরু হওয়া লালন স্মরণোৎসব ও ৩ দিনব্যাপী বাউল মেলায় প্রতিবছরের মত এবারো  দেশের দুর - দুরান্ত থেকে মানুষ ছুটে এসেছে প্রাণের টানে লালনের আধ্যাত্মিক দর্শন লাভের আশায়। বর্ণিল সাজে সাজানো হয়েছে মাজারসহ পুরো এলাকা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 10:44 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইতোমধ্যেই হাজার হাজার লালন ভক্ত, সাধু ও বাউল আসন গেড়ে বসেছেন। জঙ্গি হামলা বা নাশকতামূলক ঘটনার আশংকায় মাজার প্রাঙ্গনে এবারই প্রথম অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার রাতে লালন একাডেমীর আয়োজিত তিন দিনব্যাপী এ স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এমপি।

লালন একাডেমীর সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট লালন গবেষক ম. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক এম এ আহাদ, একাডেমীর সদস্য সচিব পিপি অ্যাডভোকেট গোলাম মহম্মদ, সৈয়দা ফাহিমা রুমী, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আহসান।

উৎসবের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যার আগেই ছেঁউড়িয়ার লালনের মাজার প্রাঙ্গন কানায় কানায় পূর্ন হয়ে যায়। মাজার প্রাঙ্গনে উপচে পড়া ভীড়ের কারণে পাশ্ববর্তী মেলার মাঠে সাধু ভক্তদের তাঁবু টানিয়ে সদলবলে অবস্থান করতে দেখা যায়। একাডেমী কর্তৃপক্ষ আগত বাউল- ভক্তদের জন্যে খাবারের ব্যবস্থা রেখেছেন।

এদিকে মাজারের বাইরে বিশাল এলাকা জুড়ে বসা মেলায়, বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে নিয়ে ব্যাবসায়ীরা বসেছেন। এদের মধ্যে কেও স্থানীয় আবার কেও এসেছে শত মাইল দূর থেকে। রয়েছে কুটির শিল্প, হস্তশিল্পসহ বিভিন্ন খাবার সামগ্রীর ষ্টল। আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে ঐতিহ্যবাহী নাগর দোলা।

অন্যদিকে একাডেমী প্রাঙ্গন থেকে বিতাড়িত লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটির উদ্যোগে বাউলরা প্রতি বছরের মত এবারও পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

ফকির আনোয়ার হোসেন মন্টু শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লালন গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইবি ইংরেজী বিভাগের সভাপতি ডক্টর রশিদ আসকারী, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ হাবিব আনিসুর রহমান, অধ্যাপক শেখ রেজাউল করিম, ফকির মিরাজ আলী শাহ, আব্দুর রহমান, শাহ মন্ডল প্রমুখ।

এর আগে সকালে বাউলরা  লালনের মাজারে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন ফকির আব্দুল গণি শাহ।

উল্লেখ্য ফকির লালন শাহ তার জীবদ্দশায় প্রতিবছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউল ফকিরদের উৎসব বসাতেন। ১৮১৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালনের মৃত্যুর পরও তার ভক্তরা ওই উৎসব পালন করে আসছেন। বর্তমানে লালন একাডেমীর পরিচালনায় ও সংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় তিনদিন ধরে জাতীয়ভাবে অত্যন্ত জাকজকপূর্ণ এ উৎসব পালন করা হয়। এছাড়াও বাংলা পহেলা কার্তিক লালনের মৃত্যু দিবসে এখানে আরেকটি উৎসব বসে। দেশ-বিদেশের হাজার হাজার লালন ভক্ত দর্শনার্থীরা এ উৎসবে যোগ দিয়ে থাকেন।

মেলা মাঠের দক্ষিণের স্থায়ী মঞ্চে বসছে অনুষ্ঠানের মুল আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠান শেষে ভোর রাত পর্যন্ত একটানা চলবে লালন সঙ্গীত।