২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর কাছে ১১ দফা পেশ করেছেন ভাষাসৈনিক ও ভাষা আন্দোলন গবেষকরা

ভাষাসৈনিক ও ভাষা আন্দোলন গবেষকরা ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের পক্ষে ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর কাছে ১১ দফা প্রস্তাবনা পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

প্রস্তাবনায় মহান ভাষা আন্দোলনের শহীদদের বীরশ্রেষ্ঠ হিসবে জাতীয় বীরের মর্যাদা প্রদানসহ ভাষাসৈনিকদের নেতৃত্বের স্তর বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় বীর হিসেবে ঘোষণা এবং একই সাথে ভাষাশহীদদের বীরগাঁথা পাঠ্যসূচিভুক্ত করার দাবি জানানো হয়।

ভাষাসৈনিকরা বাংলা সন ও তারিখ বৈজ্ঞানিক সংস্কার সাপেক্ষে বর্তমান বর্ষপঞ্জিতে ২১ ফেব্র“য়ারি তারিখে ৮ ফাল্গুন এবং আগামী ১লা বৈশাখ ১৫ এপ্রিল নির্ধারণের আহবান জানান। এক্ষেত্রে তারা মুহাম্মদ তকীয়ুল্লাহ সম্পাদিত প্রমিত বর্ষপঞ্জি অনুসরণে বাংলা ও ইংরেজি সমন্বিত তারিখ বাধ্যতামূলক করার আহ্বান জানান।

প্রস্তবনায় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালু করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়েছে।

প্রস্তবনায় ভাষাসৈনিক ও ভাষা আন্দোলন গবেষকরা বিদেশিদের বাংলা শেখার ক্যারিকুলাম প্রণয়ণের লক্ষ্যে যথাশীঘ্র একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার দাবি জানানো হয়।