টাঙ্গাইলের ছাওয়ালী মহেড়ায় তিন দিনব্যাপী কালীপূজা শুরু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছাওয়ালী মহেড়া কালীমন্দিরে তিন দিনব্যাপী কালীপূজা শুরু হয়েছে।
শনিবার রাত ১২ টা ১ মিনিটে পাঁচশ’ ৮২ টি পাঁঠা বলিদানের মধ্য দিয়ে দেশের বৃহত্তম এ কালীপূজা শুরু হয়। এবারও দেশ ও বিদেশের প্রায় ৩০ হাজার ভক্ত এ পূজায় যোগ দিয়েছেন বলে আয়োজকরা জানান।
অধিকাংশ পূজারীরাই তাদের মানত নিয়ে এ মন্দিরে পূজা দিতে আসে। তাদের বিশ্বাস, এখানে পাঁঠা বলি দিয়ে যেকোনও মানত করলে তা পূর্ণ হয়। এ বিশ্বাস থেকে প্রতিবছরই এখানে ভক্তের সংখ্যা বাড়ছে বলেও আয়োজকরা জানান।
প্রায় সোয়া দুইশ বছর আগে এক হিন্দু সাধু এ মন্দির গড়ে তোলেন। ওই এলাকায় একবার কলেরা মহামারী আকার ধারণ করলে মন্দিরের প্রতিষ্ঠাতা সাধু ওই মন্দিরে পূজা দিতে বলেন। পূজা দেওয়ার পর মহামারী বন্ধ হয়ে যায়। এ বিশ্বাস থেকে মন্দিরের আকর্ষণ দিন দিন বাড়তে থাকে।
সোয়া দুইশ’ বছর আগে প্রতিষ্ঠিত সোয়া হাত কালি ও সোয়া হাত মহাদেব বর্তমানে ১৩ হাত কালী ও ১৪ হাত মহাদেব হয়েছে। ভক্তদের বিশ্বাস, অলৌকিকভাবেই মূর্তিদের এ বৃদ্ধি ঘটেছে।
