দেশের চলচ্চিত্র শিল্পকে কলুষিত করতে একটি কুচক্রী মহল দায়ী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার অভিযোগ করে বলেছেন, একটি মেধাহীন ও অবিবেচক কুচক্রী মহল চলচ্চিত্রের প্রতি জনসাধারণের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশের চলচ্চিত্র শিল্পকে কলুষিত করছে।
বাংলাদেশ শিল্পকলা মিলনায়তনে বুধবার ‘৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অশ্লীল চলচ্চিত্রকে প্রধানমন্ত্রী পরিবেশ দূষণের চেয়েও বিপজ্জনক বলে আখ্যায়িত করেন।
সৃষ্টিশীলতা যেন মূলধন ও জঘন্য স্বার্থের চাকর না হয় সে জন্যে প্রধানমন্ত্রী সকল মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের চলচ্চিত্র পঞ্চাশ বছর পেরিয়ে গেছে। এ সময়টাতে বহু সমৃদ্ধ ও শালীন চলচ্চিত্র নির্মিত হয়েছে। কিন্তু বিবিধ কারণে আমরা চলচ্চিত্রের সেই ঐতিহ্যকে ধরে রাখতে পারিনি।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনকে প্রাধান্য দেওয়ায় প্রধানমন্ত্রী উৎসবের আয়োজকদের প্রশংসা করেন।
উৎসব কমিটির চেয়ারম্যান ইনাম ই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র সমিতি ফেডারেশনের সভাপতি আজাদ রহমান, উৎসব পরিচালক গোলাম রব্বানী বিপ্লব উপস্থিত ছিলেন।
এবারের চলচ্চিত্র উৎসবে ৬০টি দেশের ১১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ১৬ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ চলচ্চিত্র সমিতি ফেডারেশন ও আন্তর্জাতিক চলচ্চিত্র সমিতি ফেডারেশন যৌথভাবে উৎসবটির আয়োজন করেছে।
