২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি এলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান: নবীন-প্রবীনের মিলন মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশের দশকের শিক্ষার্থী থেকে শুরু করে ২০০৫ সাল পর্যন্ত শিক্ষার্থীরা শুক্রবার মেতে উঠেছিলেন মিলনমেলায়। এ মেলা পুরনো বন্ধুদের সাথে আরেকবার মিলনের সুযোগ করে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সকলেই ফিরে গেলেন স্মৃতিময় মধুর ক্যাম্পাসের দিনগুলোতে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন- এর ৫৮ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী তিন পর্বে বিভক্ত পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানের মাধ্যমে এলামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা একদিনের জন্য হলেও স্মৃতময় ক্যাম্পাসের ফেলে যাওয়া দিনগুলো ফিরে পান। আর তাই দেশে অস্থিরতা, সহিংসতা বিরাজ করলেও এলামনাই সদস্যরা একটুখানি শান্তির পরশ পেতে ছুটে এসেছিলেন প্রিয় ক্যাম্পাসের দিনব্যাপী এ অনুষ্ঠানে।

পুরনো বন্ধুদের মাঝে হারিয়ে সেই সোনালী অতীতকে ক্ষণিকের জন্যে হলেও ফিরে পেতে আকুল ছিলো নবীন-প্রবীণ সকল শিক্ষার্থীই।

সকালে প্রথম পর্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিশের দশকের শিক্ষার্থী অধ্যাপক মো. ইসহাক। প্রবীণ এ শিক্ষার্থীর বয়স এখন ৯৬ বছর। তিনি ১৯৩৫ সালে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স শেষ করে একই বিভাগে অধ্যপনায় নিযুক্ত হন।স্মৃতিচারণে তিনি বলেন, আজ যে মাঠে দাঁড়িয়ে আছি আমাদের সময় এখানে কনভোকেশন হতো। আমাদের সময় আমরা গবেষণা করতাম, নামাজ পড়তাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে এলামনাই সদস্যরা প্যারোডি গান পরিবেশন করেন। এরপর সকলেই ‘আনন্দলোকে মঙ্গলালোকে’- এই রবীন্দ্র সঙ্গীতটি পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আসম আব্দুর রব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সাংবাদিক শফিক রেহমান, ইকবাল সোবহান চৌধুরী, আতাউস সামাদ, গায়িকা ফেরদৌসি রহমান, অধ্যাপক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল মজিদ হারুন, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি বদলুল হক, গীতি আরা সাফিয়া চৌধুরী চম্পা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী।

চল্লিশের দশকের শিক্ষার্থী এ আর খান, সালাউদ্দিন আহমদ, দেলোয়ার হোসেনসহ অনেকেই বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড.এসএমএ ফায়েজ বলেন, আজ সবাই এখানে শুধুমাত্র ভালবাসার টানে ছুটে এসেছেন। যারা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন তাদের সকলেই কোন না কোন ক্ষেত্রে অবদান রেখেছেন।

পঞ্চাশের দশকের শিক্ষার্থী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে সহিংসতা বিরাজ করলেও এখানে রয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। এটাই সবচে বেশি ভাল লাগছে।

রাশেদ খান মেনন বলেন, বাঙালি ইতিহাসে ৬০ এর দশক ছিলো সবচে অনন্য একটি দশক। সেই সময় থেকে পাওয়া ছাত্র নেতা পদবী আজো আমার সাথে জড়িয়ে আছে।

তোফায়েল আহমেদ বলেন, যে সময় আমরা রাজনীতি করতাম তখন মতের ভিন্নতা ছিল। তা সত্ত্বেও আমরা বন্ধুত্ব ধরে রেখেছি। ছাত্র-শিক্ষক সম্পর্ক কী মধুর ছিল তা মনে করে আবার অতীতে ফিরে যেতে ইচ্ছা করছে।

অনুষ্ঠানে গীতি আরা সাফিয়া চৌধুরী চম্পা, অ্যাসোসিয়েশনের মহাসচিব রকিব উদ্দিন, সভাপতি মঞ্জুর এলাহীকে ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর দুপুরে দ্বিতীয় পর্বে ক্লোজ আপ ওয়ান এর শিল্পীরা মাতিয়ে তোলেন প্রবীণ শিক্ষার্থীদের।

রাজীব ও সোনিয়ার ডুয়েট গান- ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানের তালে তালে নাচেন উচ্ছাসমুখর শিক্ষার্থীদের অনেকেই। অনুষ্ঠানে নোলক ও আমার উড়াল পঙ্খিরে, এক যে ছিল সোনার কন্যা বিভিন্ন গান পরিবেশন করে।

এরই মাঝে মহাসচিব রকিব উদ্দিন মঞ্চে উঠে প্রবীন শিক্ষার্থীদের বেশি করে নাচার আহ্বান জানান। তিনি আহ্বান করেন মেদ কমান, বেশি করে নাচুন ।