২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জসীম পল্লীমেলা শুরু বুধবার

পল্লীকবি জসীমউদ্দীনের পৈতৃক নিবাস ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুমার নদের পাড়ে জসীম উদ্যানে বুধবার থেকে পক্ষকালব্যাপী জসীম পল্লীমেলা শুরু হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

মেলায় এ বছর ১৫০টি স্টল বরাদ্দ করা হয়েছে। এসব স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী চারু ও কারুশিল্পসহ বিভিন্ন লোকজ সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে। এছাড়া মেলার জসীম মঞ্চে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। দেশের প্রায় ৭০টি সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নিচ্ছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি ফরিদপুর সাহিত্য পরিষদ পল্লীকবির কাহিনীকাব্যের জীবিত নায়ক-নায়িকা রূপাই, আসমানী ও হাজেরা বিবিকে সংবর্ধনা দেবে।

জসীম ফাউন্ডেশন ও বিসিক যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। কবির জামাতা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বুধবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন।