২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদদের প্রতি জাতির প্রাণঢালা শ্রদ্ধা নিবেদন

রাজধানী ঢাকার সব পথ আজ মঙ্গলবার মিলেছে একই বিন্দুতে। বিন্দুর নাম কেন্দ্রীয় শহীদ মিনার।

নিজস্ব প্রতিবেদক

জান্নাতুল ফেরদৌস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 12:13 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

১৯৫২ সালের ফেব্রুয়ারির এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে ভাষা আন্দোলনে পাকিস্তানি হায়েনা পুলিশের নির্বিচার গুলিতে নিহতদের স্মরণে পুরো বাঙ্গালী বা বাংলাদেশী-যে যেভাবেই বলুক না কেন- জাতি শ্রদ্ধাভরে নেমে আসে রাজপথে। লক্ষ্য- কেন্দ্রীয় শহীদ মিনার।

‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’’- গানটি সমবেত স্বরে গাইতে গাইতে সকল বয়স- ধমর্ - বর্ণের হাজার হাজার মানুষ খালি পায়ে, বুকে কালো ব্যাজ ধারন করে, মাথায় কালো ফিতা বেঁধে অথবা একুশকে নিয়ে নানা স্লোগান ও অনুভূতি সম্বলিত কাগজের টুপি মাথায় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভীড় জমায়।

সোমবার রাত ১২টা এক মিনিটে সবার প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ ভাষা আন্দোলনে নিহত সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউর এবং অন্যান্যের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতিকে অনুসরণ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুস্পস্তবক অর্পণ করেন।

একুশে ফেব্রুয়ারিতে বাংলার সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে বাংলা কথা বলার অধিকার অর্জিত হলেও একুশে ফেব্রুয়ারি আজ কেবল বাঙ্গালী বা বাংলাদেশীদের একক কোন অনুষ্ঠান বা উৎসব নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরপরই মন্ত্রিপরিষদের সদস্যরা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সিটি মেয়র, কুটনীতিক মিশনের প্রধানরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর রাজনীতিবিদ, কূটনীতিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা শহীদ মিনারের শহীদদের স্মৃতির উদ্দেশে পুস্পস্তবক অর্পণ করেন।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পৃথক পৃথক বাণী দিয়েছেন। সংবাদপত্রগুলো দিনটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। সরকারি-বেসরকারি রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার ইতোমধ্যে শুরু করেছে।

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) বা অন্য কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার কোন হুমকি না থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

রাজধানী ছাড়াও বড় বড় শহরসহ সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অমর একুশে ফেব্রুয়ারি। লাখো জনতা প্রভাত ফেরীতে খালি পায়ে গান গেয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন বলে বিডিনিউজের জেলা ও থানা প্রতিনিধিরা টেলিফোন, ফ্যাক্স ও ইমেইলের মাধ্যমে জানিয়েছেন।

১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার দাবিতে এবং উর্দুকে পাকিস্তানের একমাত্র ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্ররা ঢাকার রাস্তায় নেমে আসে। পাকিস্তানি শাসকের ঘাতক বুলেটে প্রাণ দেয় সালাম, জব্বার, বরকত, রফিকসহ বেশ কয়েকজন। রক্ত দিয়ে আদায় হয় মাতৃভাষার অধিকার।

অমর একুশের পথ ধরেই ১৯৭১ সালে জন্ম নেয় বাংলাদেশ।

একুশে ফেব্রুয়ারি একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। বিশ্বের ১৮৮টি দেশ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। ভাষার বৈচিত্র্য ও বহু ভাষায় শিক্ষা উন্নয়নের জন্যে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই স্বীকৃতি দেয়। সেই থেকে ২১ ফেব্রুয়ারি শুধু শহীদ দিবস কিংবা শুধু শোকের কিংবা চরম আত্মত্যাগেরই দিনই নয়। ২১ ফেব্রুয়ারি আমাদের গর্বের দিন। ২১ ফেব্রুয়ারি নতুন শপথ গ্রহণের দিন।

২০০ র‌্যাব সদস্য ও পুলিশসহ এ বছর প্রায় আট হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। দায়িত্বপ্রাপ্ত র‌্যাব সদস্যদের সঙ্গে রয়েছে একটি বিশেষ ডগ স্কোয়াড।

পুলিশ জানায়, আগেভাগেই সতর্ক অবস্থানে বোমা নিষ্ক্রিয়কারী দলকে রাখা হয়। এছাড়া শহীদ মিনার এলাকায় কয়েকটি গোপন (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানো হয়। পুরো শহীদ মিনার এলাকা তদারকি করে রোভার স্কাউট, বয় স্কাউট ও গার্লস গাইডের সেচ্ছাসেবক দল।

একুশে ফেব্রুয়ারিকে রাজনৈতিক চরিত্র না দেওয়ার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ মিনারে পোট্রেট, পোস্টার বা ব্যানার বহন নিষিদ্ধ করে।

দিনটি সরকারি ছুটির দিন। এদিন সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত থাকবে। শহীদ দিবস উপলক্ষে এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বাড়ানো হয়েছে। জাতীয় পতাকা ও বাংলা বর্ণমালা দিয়ে রাস্তা এবং আশেপাশের দেয়ালগুলো সজ্জিত করা হয়েছে।

এ উপলক্ষে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, ১১ দল, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (এরশাদ) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।

এদিকে প্রতিবারের মতো এবারো পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে বই মেলা।