মুর্শিদাবাদের বাবলা গ্রামে শহীদ ভাষা সৈনিক বরকত উৎসব শুরু
ঢাকায় বায়ান্ন’র ভাষা আন্দোলনে শহীদ বরকতের জন্মভূমি মুর্শিদাবাদের ভরতপুরে বাবলা গ্রামে রোববার থেকে ছয় দিন ব্যাপী বরকত মেলা শুরু হয়েছে।
লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় মেলার উদ্ধোধন করেন। বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ইমরান এসময় উপস্থিত ছিলেন। বাবলা গ্রামের ১৫ হাজার মানুষ সকল ভেদাভেদ ভুলে বরকত মেলায় অংশ নেন। গ্রামবাসীরা মনে করেন, বরকতের মত একজন বাঙালি বীরযোদ্ধা সেখানে জন্ম হওয়ার বাবলা গ্রাম পবিত্র স্থান।
গ্রামবাসীদের সরকারের প্রতি ক্ষোভও রয়েছে। তারা মনে করেন, ভাষা সৈনিক শহীদ বরকতের ব্যাপারে রাজ্য ও কেন্দ্রীয় সরকার খুবই উদাসীন। এ কারণেই সরকারি অনুদানের জন্য অপেক্ষা করে ভিত্তি প্রস্থস্থাপন করার ছয় বছর পরে, এবছরই স্থানীয় বিধায়ক ইদ মোহাম্মদ ও রাজ্যসভার সদস্য চন্দ্রকলা পান্ডের সাংসদ তহবিলের টাকায় দিয়ে তৈরি করা হয় বরকত ভবন। যেখানে বরকতের স্মৃতি সংরক্ষণ করে রাখা হবে।
বরকত কেন্দ্রের সম্পাদক তুষার দে সাংবাদিকদের বলেন, সরকারের কাছে তারা বহুবার আর্থিক অনুদানের দাবি করেছেন কিন্তু সরকার থেকে আশানুরূপ উত্তর আজও বাবলা গ্রামের মানুষ পায়নি।
তবে তিনি জানান, সরকার তাদের আর্থিক সাহায্য না করলেও গ্রামের সাধারণ মানুষের সব রকম সাহায্য দিয়ে তৈরি করা হয়েছে একটি লাইব্রেরি।
এদিকে বহু প্রতিক্ষিত বরকত ভবনের উদ্ধোধন হয়েছে শনিবার দুপুরে। এদিনে লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। রাজ্যসভার সদস্য চন্দ্রকলা পান্ডে এবং বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ইমরান এ সময় উপস্থিত ছিলেন।
বরকত কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি সারারাত ধরে মাইকে একুশে ফেব্রুয়ারির গান বাজানো হবে। রাতে গ্রামবাসী মশাল মিছিল করে গ্রাম প্রদক্ষীণ করবে। ভোরে তাদের সবাইকে বিশেষ খাবার পরিবেশন করা হবে। এ ভাবেই প্রতি বছর বাবলা গ্রামে উদযাপন করা হয় ভাষা সৈনিক শহীদ বরকত উৎসব।
