নিশ্ছিদ্র নিরাপত্তায় মঙ্গলবার অমর একুশে পালিত হবে
সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হবে অমর একুশে ফেব্রুয়ারি। লাখো জনতা প্রভাত ফেরীতে খালি পায়ে গান গেয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। রাত ১২ টা ১ মিনিটে শুরু হবে এ কার্যক্রম।
১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার দাবিতে এবং উর্দুকে পাকিস্তানের একমাত্র ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্ররা ঢাকার রাস্তায় নেমে আসে। পাকিস্তানী শাসকের ঘাতক বুলেটে প্রাণ দেয় সালাম, জব্বার, বরকত, রফিকসহ বেশ কয়েকজন। রক্ত দিয়ে আদায় হয় মাতৃভাষা বাংলার ওপর অধিকার।
অমর একুশে ফেব্রুয়ারির পথ ধরেই ১৯৭১ সালে জন্ম নেয় বাংলাদেশ।
একুশে ফেব্রুয়ারি একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের ১৮৮টি দেশ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। ভাষার বৈচিত্র্য ও বহু ভাষায় শিক্ষা উন্নয়নের জন্য ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর এই স্বীকৃতি দেয়।
প্রথমে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।
এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মধ্যরাতে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর সুশৃঙ্খলভাবে হাজারো জনতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে, খালি পায়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন শহীদ বেদীতে।
সারাদেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে শহীদ মিনার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব ও পুলিশসহ এ বছর প্রায় আট হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তার দায়িত্বে থাকবে।
পুলিশ জানায়, আগেভাগেই সতর্ক অবস্থানে থাকবে বোমা নিষ্ক্রিয়কারী দল।
এছাড়া শহীদ মিনার এলাকায় কয়েকটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে।
একুশে ফেব্রুয়ারিকে রাজনৈতিক চরিত্র না দেওয়ার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদ মিনারে পোর্ট্রটে, পোস্টার বা ব্যানার বহন নিষিদ্ধ করেছে।
দিনটি সরকারি ছুটির দিন। এদিন সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিত থাকবে।
শহীদ দিবস উপলক্ষে এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সৌন্দর্য বাড়ানো হয়েছে। জাতীয় পতাকা ও বাংলা বর্ণমালা দিয়ে রাস্তা এবং আশেপাশের দেয়ালগুলোকে সজ্জিত করা হয়েছে।
এ উপলক্ষে ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, ১১ দল, বিকল্প ধারা, জাতীয় পার্টিসহ (এরশাদ) বিভিন্ন রাজৈনতিক দল ও সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
প্রতিবারের মতো এবারো পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে বই মেলা।
