জঙ্গিবাদ রুখতে নতুন করে শপথ; উৎসবমুখর পরিবেশে পয়লা ফাল্গুন উদযাপিত
ইট, কাঠ, কংক্রিটের এই শহরে বসন্ত এসেছে। কোকিলের কুহুতানে কিছুটা সময়ের জন্যে হলেও অসুরের যন্ত্রণা, বারুদের গন্ধ, বোমার নিনাদ ভুলিয়ে দিতে এসেছে বসন্ত। প্রকৃতির পরিবর্তনের সাথে নিজেকে রাঙিয়ে তরুণ-তরুণীরা সোমবার এই ঋতুরাজকে স্বাগত জানায়।
বর্নিল এই ঋতুকে বরণ করে কবি শামসুর রাহমান বলেছেন, বসন্ত তরুণদের। তরুণদের মাঝেই নতুন জীবনের মুখ। কোনো অপশক্তি এই তারুণ্যকে ঠেকিয়ে রাখতে পারবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় যেমন, তেমনি সারা দেশের তারুণ্য আর শুভশক্তির সমাবেশ বসন্তকে বরণ করতে গিয়ে জঙ্গিবাদ আর বোমাবাজদের রুখতে নতুন করে শপথ নেয়।
তরুণ-তরুণীদের পোশাকের হলুদ, বাসন্তি, কমলা ও নানা রংয়ের আগুন মনে করিয়ে দেয় কৃষ্ণচূড়ার ডালে ফাগুন লাগুক আর না লাগুক, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। বসন্তের এই আগুন ছড়িয়ে দিতে হবে সকল অপশক্তির বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, বকুলতলা, বটতলাসহ পুরো ক্যাম্পাস জুড়ে রং-বেরংয়ের শাড়ি,পাঞ্জাবি,ফতুয়ায় ছিলো হলুদের ছড়াছড়ি। হলুদ গাঁদার রাখি পরে, খোঁপায় হলুদ-বাসন্তি রংয়ের ফুল দিয়ে তরুণীরা নাচ-গানে মেতে ওঠে।
বসন্তকে বরণ করে নিতে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ও সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে দিনব্যাপী বসন্তবরণ অনুষ্ঠান। সকালে সরোদের মাধ্যমে জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের অনুষ্ঠান শুরু হয় বকুলতলায়। এরপর একটি শোভাযাত্রা চারুকলা থেকে টিএসসি প্রদক্ষিণ করে। উচ্চাঙ্গ সঙ্গীত, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, কবিতা পাঠ, একক সঙ্গীত, একক নৃত্য, বসন্তকথন প্রভৃতি আয়োজনে পরিপূর্ণ ছিল এ উৎসব।
উৎসবের আহ্বায়ক কবি শামসুর রাহমানের লেখা জঙ্গিবাদের বিরুদ্ধে বসন্ত বরণের বিশেষ কবিতা ‘পারবে কি রুখতে?’ পাঠ করেন হাসান আরিফ। মুর্তজা বশীরের তৈরি করা উৎসবের বিশেষ শুভেচ্ছাবার্তায় ছিলো ‘রক্তাক্ত ফুল’। ছিলো মুস্তাফা মনোয়ারের জলরঙে আঁকা বসন্তের পোস্টার। উৎসবে জঙ্গিবাদ, বোমাবাজির বিরুদ্ধে দৃঢ়প্রত্যয় প্রতিফলিত হয়।
বসন্ত কথনে অংশগ্রহণ করেন কবি শামসুর রাহমান, কাজী আরিফ, ওয়াহিদুল হক।
অন্য অনেকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়–য়া তরুণ-তরুণীরা অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্তবরণ উৎসবে। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোমার হলুদ কামিজের চেয়ে বেশি চোখে পড়ে তার চোখের পাতায় এবং গলায় গ্লিটার দিয়ে লেখা পহেলা বসন্ত।
হোমা বিডিনিউজকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এতো বড় পরিসরে পয়লা ফাগুনের উৎসব উদযাপন করা হয় না। তাই পুরো উৎসবের আমেজ পেতে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আসতে হয়।
ছায়ানট, বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, সুরধারা, সুরতীর্থ, গীতাঞ্জলি, খেলাঘর, জাতীয় কবিতা পরিষদ, সঙ্গীত ভবনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী পয়লা ফাল্গুন উদযাপন করে।
রাজধানীর বাইরেও দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপিত হয়।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকেল ৫টায় সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
