বোমাবাজী প্রতিহত করার প্রত্যয়ে বরণ করা হচ্ছে বসন্ত উৎসব
আগামী ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবে প্রকৃতি সাজবে হলুদ বসনে। বসন্তকে বরণ করে নিতে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় দিনব্যাপী বসন্তউৎসব আয়োজন করেছে। এবার বাংলা ১৪১২ সালের বসন্ত বরণের শ্লোগান হচ্ছে, ‘এসো মিলি প্রাণের উৎসবে’।
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এক সংবাদ সম্মেলনে উৎসব উদযাপনের কথা জানায়। এতে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কাজল দেবনাথ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব কাজী আরিফ, যুগ্ম সচিব মানজারুল ইসলাম চৌধুরী সুইট, আরিফ হোসেন বনি, যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের আহ্বায়ক কবি শামসুর রাহমান।
এতে জানানো হয়, এবারের বসন্ত উৎসবে বাঁধা-বিভেদ, জঙ্গিবাদ, বোমাবাজীকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হবে। অনুষ্ঠানে উপস্থাপন করা হবে শিল্পী মুর্তজা বশীরের আঁকা জঙ্গিবাদের বিরুদ্ধে শুভেচ্ছা বার্তা। বসন্ত বরণের পোস্টার তৈরী করেছেন শিল্পী মুস্তফা মনোয়ার।
সংবাদ সম্মেলনে কাজী আরিফ বলেন, বসন্ত প্রকৃতির দান। তাই প্রকৃতির সাথে তাল মিলিয়ে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।
তিনি জানান, এ বছর উৎসব পালনের ১৩তম বছর। বর্তমান প্রেক্ষাপটে সব ধরণের বাঁধাকে ভেঙ্গে ফেলার প্রত্যয়ে পুরো উৎসবে থাকবে এর আমেজ।
দিনব্যাপী এ উৎসব শুরু হবে অসিত দে’র ধ্রুপদী সঙ্গীতের মাধ্যমে। এরপর রয়েছে বকুলতলা থেকে টিএসসির রাজু চত্বর পর্যন্ত শোভাযাত্রা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, নৃত্য, বসন্ত কথন, সঙ্গীত, উপহার বিনিময় প্রভৃতি।
