২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বই মেলার দ্বিতীয় দিনে সামন্য দর্শক ও নতুন বই প্রকাশিত

অনিয়ম ও অব্যাবস্থাপনার অভিযোগের মধ্যেদিয়ে বৃহস্পতিবার একুশে বই মেলার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। মেলায় জনসমাগম ছিলো খুব সামান্য। গুটি কয়েক নতুন বই এ দিনে মেলায় এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

অধিকাংশ দর্শককে মেলা প্রাঙ্গন বাংলা একাডেমিতে লক্ষ্যহীনভাবে ঘুরতে দেখা যায়। স্টলে যারা ক্রেতার অপেক্ষায় ছিলেন তারা বলেন, দর্শকদের মধ্যে বই কেনার কোন আগ্রহ নেই।

কিছু দর্শক জানান, তারা বিখ্যাত লেখকদের বই এসে পৌঁছানোর অপেক্ষায় আছেন। সাকিরা আরজু নামের একজন দর্শক বলেন, আজ আমি শুধুমাত্র ঘুরতে এসেছি, বই কেনার জন্য নয়।

এখনও কিছু প্রকাশক স্টলের সৌন্দর্য বর্ধনের কাজ চালিয়ে যাচ্ছেন যা মেলায় দৃষ্টিকটু পরিস্থিতির সৃষ্টি করছে।

ক্ষমতাসীন বিএনপি মেলার নীতিমালা ভঙ্গ করে পাইরেটেড বই বিক্রি করছে বলেও কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান অভিযোগ করে। কমল, জাসাস ও নলেজ মিডিয়া প্রকাশনী এরমধ্যে অন্যতম বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে মেলা আয়োজক কমিটির প্রধান ফজলুর রহমান বলেন, নকল বই ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষনা দেওয়া হয়েছে।  আমরা অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করব।

কয়েকজন প্রকাশক অভিযোগ করেন, প্রয়োজনীয় সংখ্যক বই প্রকাশ না করার পরও বাংলা একাডেমি কর্তৃপক্ষ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দিয়েছে।

মেলার নীতিমালা অনুযায়ী মেলায় স্টল বরাদ্দ পেতে হলে একবছরে কমপক্ষে ১৫ টি অথবা সবমিলিয়ে ৬০ টি বই প্রকাশের অভিজ্ঞতা থাকতে হবে।

আগামী প্রকাশনীর ওসমান গনী বলেন, প্রতিবছর বিভিন্ন অনিয়ম ও অব্যাবস্থাপনার মধ্যে দিয়ে মেলা শুরু হয়, এবারও তার ব্যাতিক্রম হয়নি।

তবে মেলার নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে দর্শক-প্রকাশক সবাই সন্তোষ প্রকাশ করেছে। র‌্যাব, পুলিশ, এসবি ও সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের মেলায় টহল দিতে দেখা যায়।

এদিকে মেলার মূল মঞ্চে নিয়মিত আলোচনার অংশ হিসেবে ‘বাংলা একাডেমির ৫০ বছর পূর্তী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির মহাপরিচালক আবুল কালাম মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় মূলপ্রবন্ধ স্থাপন করেন বশীর আল হেলাল।

অধিকাংশ স্টলই তাদের প্রকাশিত নতুন বইয়ের জন্য অপেক্ষা করলেও মেলার দ্বিতীয় দিনে কয়েকটি প্রকাশনী প্রতিষ্ঠান কিছু বই প্রকাশ করেছে।

মেলার দ্বিতীয় দিনে আগামী প্রকাশনী ও অনুপম প্রকাশনী পাঁচটি করে নতুন বই প্রকাশ করে। সুবর্না প্রকাশনী জাফর ইকবালের একটি নতুন বই প্রকাশ করে।

এছাড়া সাহিত্য প্রকাশনী, বলাকা প্রকাশনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান বেশ কয়েকটি নতুন বই প্রকাশ করেছে।