রেডিও ভেরিতাস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন আলী যাকের
দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের রেডিও ভেরিতাস এশিয়া বাংলা কাউন্সিল অ্যাওয়ার্ড ২০০৫’ এ ভূষিত হয়েছেন।
রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বৃহস্পতিবার তাদের এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশে ও দেশের বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানব উন্নয়নে অবদানের জন্য তাকে এ বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে।
ফিলিপাইন ভিত্তিক আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠান আরভিএ বাংলা সার্ভিস কাউন্সিল প্রতি দু’বছর অন্তর এ বিশেষ সম্মাননা প্রদান করে থাকে।
ঢাকার নটরডেম কলেজ মিলনায়তনে শুক্রবার আরভিএ’র বাংলা অনুষ্ঠান প্রচারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী সমাপনী উৎসব ও শ্রোতা সম্মেলন ২০০৬’ এ আলী যাকেরের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশস্থ ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ পল চ্যাং ইন নাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন আরভিএ বাংলা সার্ভিস কাউন্সিলের চেয়ারম্যান আর্চবিশপ পৌলিনুস কস্তা। অনুষ্ঠানে ফিলিপাইন, বাংলাদেশ ও ভারতে আরডিএ'তে কর্মরত কর্মকর্তা এবং উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতারা অংশ নেবেন।
