জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর একুশে গ্রন্থমেলা উদ্বোধন
জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার অমর একুশে গ্রন্থমেলা ২০০৬ এর উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় অগ্রগতি ও উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে শিক্ষা। আর প্রাতিষ্ঠানিক কিংবা অপ্রাতিষ্ঠানিক সবধরনের শিক্ষার উপকরণই বই।
গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার ক্ষেত্রে যেসব প্রবাসী উদ্যোগ নিয়েছিলেন তিনি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, গত পঞ্চাশ বছরে বাংলা একাডেমি থেকে সাড়ে চার হাজার গ্রন্থ প্রকাশিত হয়েছে। জাতির জন্য এটি এক উল্লেখযোগ্য অর্জন। বিভিন্ন ভাষার বিভিন্ন বিষয়ের গুরত্বপূর্ণ বইয়ের অনুবাদ প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
খালেদা জিয়া বলেন, প্রকাশনা ও গ্রন্থজগতে আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে চলতি বছরকে প্রযুক্তি গ্রন্থবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি প্রযুক্তি বিষয়ক গ্রন্থের প্রকাশ ও প্রচারে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি থেকে গত ১২ বছরে ৪৫ টি ব্যাচে পাঁচ হাজার প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি এ কর্মসূচি আরও বি¯তৃত করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী দেশের সংস্কৃতি ও মননের ক্ষেত্রে এবং বাংলাদেশী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা নতুন প্রেক্ষিত ও প্রেক্ষাপটে একুশের চেতনা নতুন অর্থ তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে। তিনি বলেন, এখন শুধু শোক, স্মৃতিতর্পন এবং শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।
প্রধানমন্ত্রী বলেন, বইমেলা আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বইমেলা আমাদের জনগণের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক। তিনি দেশবাসীকে বই পাঠে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী লেখক, গবেষক, অনুবাদক, কবি, সাহিত্যকদের নতুন নতুন বই উপহার দেওয়ার মাধ্যমে দেশের গ্রন্থ’জগৎকে সমৃদ্ধ করে তোলার আহ্বান জানান।
তিনি মেলার প্রকাশক, আয়োজক ও অংশগ্রহকারীদের সবাইকে শুভেচ্ছা জানান এবং পাঠকদের সবাইকে একটি করে বই কেনার আহ্বান জানান।
