দশম বই দিবস উদযাপিত
বুধবার ‘দশম বই দিবস’ উদযাপিত হয়েছে। ভাষা সৈনিক, ভাষা শহীদ স্মরণে এ দিবস উপলক্ষে বাংলাদেশ বুক ক্লাব শহীদ মিনারে এক অনুষ্ঠান আয়োজন করে।
বই দিবস উপলক্ষে বাংলা ভাষায় অবদানের জন্যে মরহুম সাংবাদিক আহম্মদুল কবির, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কল্যাণী ঘোষ এবং কবি আজাদ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ মিনারের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর একমাত্র ভাষা, যার জন্য এদেশের বীর সন্তানরা বুকের তাজা রক্ত দিয়েছে। তারা প্রাণের বিনিময়ে এর সুরক্ষা করেছে।
বই দিবস জাতীয় আন্দোলনে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড.আশরাফ সিদ্দিকী এবং কবি সাইফুল বারী।
এরপর ভাষাবিদ ড.মুহম্মদ শহিদুল্লাহর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
