২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা: ঢাবিতে জাতীয় কবিতা উৎসব শুরু

‘জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা’ এই শ্লোগান নিয়ে বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব, ২০০৬।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 05:14 PM

Updated : 07 Jul 2022, 02:01 PM

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি শামসুর রাহমান।

উৎসবের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার বিশেষ আয়োজন হিসেবে রয়েছে টিএসসিতে স্মারক বৃক্ষরোপণ।

সকাল ১০ টায় কবিতা উৎসবের নেতৃবৃন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কবি শামসুর রাহমান। কবিতা পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের সভাপতি রবিউল হুসাইন। ‘জঙ্গিবাদের এই উত্থান, রুখবেই কবিতার কোটি প্রাণ’  উৎসব সঙ্গীত পরিবেশন করা হয়।

উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের প্রকাশনা সম্পাদক তারিক সুজাত। উদ্বোধনী ভাষণে কবি শামসুর রাহমান বলেন, আজ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূলস্রোত, বাঙালির প্রকৃত সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের বিপরীতমুখী যাত্রাকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। অন্যদিকে উৎসাহিত করা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতিকে। জঙ্গি হামলা ও সন্ত্রাসবাদতারই কুফল ।

তিনি আরো বলেন, এখন আমাদের যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে তা কল্যাণকর নয়। কবিতায় আমরা আমাদের সমাজকে তুলে ধরছি।

অতিথি কবি হিসেবে এবার কবিতা উৎসবে উপস্থিত হয়েছেন ভারতের কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কার্তিক মোদক, তৃপ্তি সান্ত্রা, সুকুমার বাগচী, চিত্রা লাহিড়ী, অমিতাভ চক্রবর্তী প্রমুখ।

কবি সুনীল গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, তরুণ কবিদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তরুণরা যাতে জঙ্গিবাদের দিকে না ঝোঁকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, এদেশের তরুণ কবিদের কবিতার বিষয় নির্বাচন এবং শব্দ ব্যবহার খুবই ভালো।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।