কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিল্স-এর জাতীয় সম্মেলন বুধবার
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স এর উদ্যোগে বুধবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা’ বিষয়ে দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশের পেশাগত সংহিসতা ও দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনা অব্যাহতভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিল্স এ সম্মেলনের উদ্যোগ নিয়েছে। বিল্স পরিচালিত জরিপে দেখা গেছে, ২০০৫ সালে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনা ও সহিংসতায় কমপক্ষে ৪৮০ জন শ্রমিক নিহত, ৯৫০ জন আহত এবং ৩৫ জন শ্লীলতাহানির শিকার হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। বিল্স এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইএলও ঢাকা অফিসের পরিচালক মি. গোপাল কুমার ভট্টাচার্য এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি মঞ্জুর এলাহী।
সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ এ সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনে চারটি ভিন্ন ভিন্ন কর্মশালা ও একটি প্লেনারি অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের পেশাগত দুর্ঘটনা প্রতিরোধ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের করণীয় নির্ধারনের লক্ষ্যে সুপারিশমালা প্রণয়ন করা হবে।
