বুধবার শুরু হচ্ছে অমর একুশে বই মেলা ২০০৬
দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা বিবেচনায় এনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার বাংলা একাডেমী প্রাঙ্গনে মাসব্যাপী অমর একুশে বই মেলা ২০০৬ শুরু হচ্ছে।
আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে আত্মত্যাগকারী মহান শহীদদের স্মরণে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলা একাডেমী গত তিন যুগ ধরে এ মেলার আয়োজন করে আসছে।
ঐতিহ্য অনুযায়ী মাসব্যাপী বই মেলায় দেশের প্রখ্যাত প্রাবন্ধিক ও গল্পকার, কবি, কলামিস্ট, সাংবাদিক ও সাধারণ পাঠকসহ সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
বাংলা একাডেমীর মহাপরিচালক আবুল কালাম মঞ্জুর মোর্শেদ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, এবছর ৩০৫ জন প্রকাশক মোট ৪৬১টি স্টলে মেলায় অংশ নেবেন।
বাংলা একাডেমী এবারের বই মেলা উপলক্ষে মোট ২৩টি নতুন বই প্রকাশ করবে।
মেলা প্রাঙ্গণকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবং ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী পাঁচ শহীদের নামে এগুলোর নামকরণ করা হবে।
এবিসি ডিজিটাল ইনস্টিটিউশন www.banglaacademyyekusheymela.com নামে একটি ওয়েব সাইটের মাধ্যমে মেলায় প্রতিদিন প্রকাশিত নতুন বই ও অনান্য বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করবে।
প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মেলাতে ৩০ ভাগ ছাড়ে বই বিক্রি করবে।
এছাড়া বাংলা একাডেমী প্রতিদিন বিকেলে মেলা প্রাঙ্গণে মাসব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত থাকবে। তবে শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় দুই ঘন্টার বিরতিসহ একই সময় পর্যন্ত মেলা চলবে।
অন্যদিকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা সকাল ৮টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
বাংলা একাডেমী মহাপরিচালক মঞ্জুর মোর্শেদ আরো জানান, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী চলা মেলাতে যে কোন প্রকার নাশকতামূলক ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেলায় নিরাপত্তার জন্যে একাডেমী প্রাঙ্গনের বিভিন্ন স্থানে বারোটি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
অনান্য বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার পাশাপাশি মেলা প্রাঙ্গনে র্যাব মোতায়েন করা হবে বলে মহাপরিচালক জানান।
দর্শকদের ভীড় ও লম্বা লাইন এড়াতে মেলায় প্রবেশের জন্যে দুটি এবং বের হওয়ার জন্যে একটিসহ মোট তিনটি প্রবেশ পথ থাকবে। প্রবেশপথে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে দর্শকদের দেহ তল্লাশি করবে।
সংবাদ কর্মীদৈর তথ্য সংগ্রহের জন্য প্রতিদিনের বিশেষ পাশ দেওয়া হবে।
