২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের বই মেলায় শুধু বিশিষ্ট প্রকাশকদের স্থান দেওয়া হোক: সৃজনশীল প্রকাশক সমিতি

পুস্তক প্রকাশকদের সংস্থা ‘সৃজনশীল প্রকাশক সমিতি’ অমর একুশে বই মেলায় শুধু বিশিষ্ট প্রকাশকদের স্থান দেওয়ার দাবি জানিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সমিতির নেতারা দাবি জানিয়ে বলেন, বই মেলার স্টলে এক প্রকাশনীর বই  যেনো অন্য প্রকাশনী বিক্রি করতে না পারে।

গণগ্রন্থাগার সেমিনার কক্ষে রোববার সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির পরিচালক ও খান ব্রাদার্স অ্যান্ড কোং এর সত্ত্বাধীকারী কেএম ফিরোজ খান আহ্বান জানিয়ে বলেন, এক প্রকাশনীর বই যাতে বিভিন্ন স্টলে পাইকারী দরে বিক্রি না হয় সেদিকে মেলার আয়োজকদের খেয়াল রাখার দরকার ।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির নির্বাহী পরিচালক ও সূচীপত্র প্রকাশনীর সত্ত্বাধীকারী সাইদ বারী।

লিখিত বক্তব্যে বই মেলায় প্রবেশের জন্য চারটি গেট তৈরী, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়।

এছাড়া এতে সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বই বিষয়ক তথ্য সরবরাহ করার জন্য কম্পিউটারাইজড মিডিয়া সেল, শিশু - কিশোরদের বইমেলায় অংশগ্রহণের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় পরিবহন ব্যবস্থা, বইমেলা উপলক্ষে ওয়েবসাইট চালু, দেশি-বিদেশি সকল প্রকার কাগজ থেকে শুল্ক প্রত্যাহার করা - ইত্যাদি দাবি জানানো হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, এমন অনেক প্রকাশনা সংস্থা আছে, যাদের বইয়ের কোনো ক্যাটালগ পর্যন্ত নেই; অথচ তারাও বই মেলায় স্থান পাচ্ছে। এরফলে এ মেলা  বাজারী মেলায় পরিণত হয়।

সমিতির নেতারা ভবিষ্যতে বাংলা একাডেমীর উদ্যোগের বাইরে নিজেরাও বইমেলা করারও আশা প্রকাশ করেন।

তারা জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠেয় মাসব্যাপী একুশের বই মেলায় এবার ক্রেতাদের আকৃষ্ট করতে ৩০ শতাংশ কমিশনে বই বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। এর আরেকটি কারণ হচ্ছে - মেলায় এক প্রকাশনীর বই যাতে অন্য প্রকাশনী পাইকারী হারে বিক্রি করতে না পারে।